সর্বশেষ

ওমান থেকে দেশে ফিরেই নিখোঁজ প্রবাসী

Goganth 2 6ab7c83cf23e8Web Popup (3)

সুনামগঞ্জের জগন্নাথপুরের সুজন (৩০) নামের এক যুবক ওমান থেকে দেশে ফেরার পর ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নিখোঁজ হয়েছেন। প্রায় তিন বছর পর গত ২০ সেপ্টেম্বর দেশে ফেরেন তিনি। পরিবারের সদস্যরা তাঁকে নিতে বিমানবন্দরে অপেক্ষা করলেও তাঁর কোনো খোঁজ পাননি। মানসিক সমস্যায় ভোগা এই তরুণের নিখোঁজের ঘটনায় চরম উৎকণ্ঠায় দিন কাটছে পরিবারের সদস্যদের।

পারিবারিক সূত্রে জানা যায়, সুজন ওমানের মাসকাট থেকে ওমান এয়ারের ‘WY-497’ ফ্লাইটে ঢাকার উদ্দেশে রওনা হন। দেশে ফেরার খবরে স্বজনেরা তাঁকে নিতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন। দীর্ঘক্ষণ অপেক্ষার পরও সুজনকে দেখতে না পেয়ে চিন্তিত হয়ে পড়েন তাঁরা। পরে ইমিগ্রেশন কর্তৃপক্ষ ও বিমানবন্দরের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে দেখা যায়, সুজন সুস্থ অবস্থায় টার্মিনাল থেকে বের হয়েছেন। কিন্তু বিমানবন্দর থেকে বের হওয়ার পর থেকেই তাঁর আর কোনো হদিস মিলছে না। তাঁর ব্যবহৃত মোবাইল নম্বরে বিদেশি সিম থাকায় নেটওয়ার্কও পাওয়া যাচ্ছে না।

নিখোঁজ সুজনের বাড়ি জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের বাউধরন গ্রামে। তাঁর ভগ্নিপতি পলাশ মিয়া জানান, সম্প্রতি ওমানে সুজনের মানসিক সমস্যা দেখা দেয় এবং তিনি দেশে ফেরার জন্য ছটফট করছিলেন। এ কারণে সেখানে থাকা তাঁর ভাই তাঁকে দেশে পাঠিয়ে দেন। সিসিটিভি ফুটেজে তাঁকে বের হতে দেখা গেলেও এরপর তিনি কোথায় গেলেন, তা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন স্বজনেরা। ঢাকার সম্ভাব্য সব স্থানে ও আত্মীয়স্বজনের বাড়িতে খোঁজাখুঁজির পরও তাঁর সন্ধান না মেলায় আইনি সহায়তার জন্য জগন্নাথপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করার প্রস্তুতি নিচ্ছে পরিবার।

এদিকে পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশাহারা স্বজনেরা। কোনো সহৃদয় ব্যক্তি যদি নিখোঁজ সুজনের অবস্থান সম্পর্কে কোনো তথ্য জেনে থাকেন বা কোথাও তাঁকে দেখে থাকেন, তবে মানবিক দিক বিবেচনা করে অবিলম্বে পরিবারের দেওয়া মোবাইল নম্বরে (০১৭৩৪৭৯৬২৩০) যোগাযোগ করার জন্য বিনীত অনুরোধ জানানো হয়েছে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup