লোহিত সাগর ও কৌশলগত বাব আল-মান্দেব প্রণালিতে চরম উত্তেজনার জেরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে বড় পরিসরে সামরিক অভিযান চালানোর পরিকল্পনা করছে সৌদি আরব। মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজ জানিয়েছে, প্রয়োজনে যুক্তরাষ্ট্রের সরাসরি সামরিক হস্তক্ষেপ ছাড়াই রিয়াদ এই অভিযান শুরু করতে পারে। তবে রিয়াদ এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেয়নি এবং ওয়াশিংটনও আপাতত হুতিদের ওপর সরাসরি হামলার কোনো পরিকল্পনা করছে না।

দুজন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে এবিসি নিউজ আরও জানিয়েছে, হুতিদের বিরুদ্ধে বড় ধরনের অভিযান চালাতে রিয়াদ যে প্রস্তুত, তা ইতিমধ্যে ওয়াশিংটনকে জানানো হয়েছে। যুক্তরাষ্ট্র আপাতত সরাসরি কোনো হামলায় না জড়ালেও রিয়াদকে গোয়েন্দা তথ্য ও লক্ষ্যবস্তু নির্ধারণে সহায়তা দিয়ে যাচ্ছে। পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য বৃহস্পতিবার সৌদি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার। এ ছাড়া সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান একই দিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে অন্তত দুবার ফোনে কথা বলেছেন, যেখানে সরাসরি সামরিক হস্তক্ষেপের প্রসঙ্গও উঠে এসেছে। ট্রাম্প প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, লোহিত সাগরে নৌ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করা যুক্তরাষ্ট্রের অন্যতম স্বার্থ হলেও আঞ্চলিক নিরাপত্তা সংকট মোকাবিলায় রিয়াদসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোই নেতৃত্ব দিক, এমনটাই চাইছে ওয়াশিংটন।
আরও
তবে লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজের ওপর হুতিদের হামলার মাত্রা আরও বাড়লে যুক্তরাষ্ট্র নিজেদের অবস্থান পরিবর্তন করে সরাসরি সামরিক হস্তক্ষেপে যেতে পারে বলে মার্কিন কর্মকর্তারা ইঙ্গিত দিয়েছেন। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, সৌদি-সংশ্লিষ্ট জাহাজে হুতিদের ধারাবাহিক হামলার কারণে পুরো অঞ্চলে জাহাজ চলাচলের ঝুঁকি মারাত্মক আকার ধারণ করেছে। বিশেষ করে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ বাব আল-মান্দেব প্রণালি দিয়ে বাণিজ্যিক নৌ চলাচল ব্যাহত বা পুরোপুরি বন্ধ হয়ে গেলে পরিস্থিতি আরও গভীর সংকটের দিকে মোড় নিতে পারে।










