Long Popup (2)
সর্বশেষ

সৌদি হাসপাতালে প্রবাসীর মৃত্যু, দেশে লাশ ফেরাতে পরিবারের আকুতি

SurujCity

যে বাড়িতে নতুন জীবন শুরুর আনন্দ আয়োজনের কথা ছিল, সেখানে এখন শুধুই শোকের মাতম। সাত বছর আগে পরিবারের মুখে হাসি ফোটানোর স্বপ্ন নিয়ে সৌদি আরবে পাড়ি জমানো সুরুজ শেখ (২৭) নামের এক প্রবাসী যুবক সে দেশের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গত সোমবার (২৪ আগস্ট) তাঁর মৃত্যু হয়। তিনি ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গুণবহা ইউনিয়নের আখালীপাড়া গ্রামের আরব আলী শেখের ছেলে। বিয়ের জন্য দ্রুতই দেশে ফেরার কথা থাকলেও এখন তাঁর নিথর দেহের অপেক্ষায় প্রহর গুনছেন স্বজনেরা। আকস্মিক এই মৃত্যুর খবর বাড়িতে পৌঁছানোর পর থেকে পরিবারের সদস্যদের কান্নায় এলাকার পরিবেশ ভারী হয়ে উঠেছে।

পরিবার সূত্রে জানা যায়, সুরুজ রিয়াদের হুতায় নির্মাণশ্রমিক হিসেবে কাজ করতেন। গত জুলাই মাসের শুরুতে পেটে তীব্র ব্যথা অনুভব করলে তাঁকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর পেটে জটিলতা ধরা পড়ায় গত ২৬ জুলাই তাঁর অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচারের পর তিনি কিছুটা সুস্থও হয়েছিলেন; কিন্তু প্রায় এক মাস পর সেলাই কাটতে হাসপাতালে গেলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। নিহত সুরুজের বাবা আরব আলী শেখ ও বড় বোন রেণু পারভীন কান্নাজড়িত কণ্ঠে জানান, দেশে ফিরলে তাঁকে বিয়ে দেওয়ার কথা ছিল। পরিবারের জন্য অনেক কষ্ট করা এই যুবকের লাশটা যেন শেষবারের মতো দেখার জন্য দ্রুত দেশে ফেরত আনা যায়, এখন শুধু সেই আকুতিই জানাচ্ছেন বারবার মূর্ছা যাওয়া মা–সহ পুরো পরিবার।

সুরুজের মরদেহ দেশে ফিরিয়ে আনার বিষয়ে বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম রকিবুল হাসান জানিয়েছেন, নিহতের পরিবারের সদস্যরা যোগাযোগ করলে বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরে জানিয়ে সরকারি প্রক্রিয়ায় লাশ দেশে আনার জন্য প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করা হবে। এদিকে ফরিদপুর প্রবাসীকল্যাণ সেন্টারের উপপরিচালক আশিক সিদ্দিকী জানান, নিহতের ওয়ারিশেরা দপ্তরে আবেদন করলে সরকারি অর্থায়নে লাশ দেশে এনে পরিবারের কাছে পৌঁছে দেওয়া হবে। এ ছাড়া বৈধ প্রক্রিয়ায় গিয়ে থাকলে নিহতের পরিবার প্রায় ৩ লাখ ৫০ হাজার টাকা আর্থিক অনুদান এবং বিমানবন্দরে পৌঁছানোর পর দাফন ও আনুষঙ্গিক খরচের জন্য আরও ৩৫ হাজার টাকা পাবে। দ্রুত সরকারি উদ্যোগে সুরুজের মরদেহ দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন স্বজনেরা।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

ProbashircityWebPopupUpdate