সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় শহর জাজানে অবস্থিত আরামকোর একটি তেল শোধনাগারে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুথি বিদ্রোহীরা। এর ফলে ওই শোধনাগারে বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ইয়েমেনের বন্দরনগরী হোদেইদায় সৌদি আরবের সাম্প্রতিক বিমান হামলার জবাবে এই প্রতিশোধমূলক হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইরান-সমর্থিত গোষ্ঠীটি।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার ভিডিও প্রতিবেদন থেকে দেখা যায়, জাজানের ওই তেল শোধনাগার থেকে কুণ্ডলী পাকিয়ে ধোঁয়া উড়ছে। হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা এবং সৌদি আরবের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার তৎপরতার পরই এই অগ্নিকাণ্ডের খবর পাওয়া যায়। আল জাজিরার ওই প্রতিবেদনে বলা হয়, শুক্রবার হোদেইদায় সৌদি আরবের হামলার প্রতিশোধ নিতেই তারা দেশটিতে ধারাবাহিকভাবে এই হামলা চালিয়েছে। এছাড়া তুরস্কের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির খবরেও একই তথ্য নিশ্চিত করা হয়েছে। সেখানে বলা হয়, হুথিরা প্রতিশোধমূলক ব্যবস্থা হিসেবে সৌদি আরামকোর তেল স্থাপনাকে লক্ষ্যবস্তু করেছে।
বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম ও স্যাটেলাইট ডেটার বরাত দিয়ে জানা গেছে, শনিবার নাসার স্যাটেলাইট চিত্রে জাজানের আরামকো শোধনাগারে একাধিক জায়গায় আগুনের সূত্রপাত শনাক্ত করা হয়েছে। হামলার পর স্থানীয় সংবাদমাধ্যমগুলো জাজানে অন্তত পাঁচটি বিস্ফোরণের শব্দ শোনার কথা জানিয়েছে। এর জেরে ওই এলাকায় বাণিজ্যিক ফ্লাইটগুলোর যাত্রাপথ পরিবর্তন করা হয়।










