আরব সাগরে জরুরি অবতরণ করেছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর একটি এমএইচ-৬০এস সি হক (MH-60S Sea Hawk) হেলিকপ্টার। এই ঘটনায় হেলিকপ্টারটিতে থাকা চারজন ক্রু সদস্যের মধ্যে তিনজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও এখনও একজন নিখোঁজ রয়েছেন। বুধবার (১ জুলাই) মার্কিন নৌবাহিনীর সেন্ট্রাল কমান্ড (ন্যাভসেন্ট) এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে।
ন্যাভসেন্ট জানিয়েছে, ঘটনার পরপরই উদ্ধারকারী দল দ্রুত ওই এলাকায় পৌঁছে তিন ক্রু সদস্যকে উদ্ধার করতে সক্ষম হয়। পরবর্তীতে তাঁদের ইউএসএস জর্জ এইচ. ডব্লিউ. বুশ (সিভিএন-৭৭) নামের বিমানবাহী রণতরীতে নিয়ে যাওয়া হয়। বর্তমানে উদ্ধার হওয়া এই তিন সামরিক সদস্যের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে নৌবাহিনীর পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। তবে নিখোঁজ অপর সদস্যের সন্ধানে সাগরের ওই এলাকায় নৌবাহিনীর একাধিক ইউনিট বর্তমানে ব্যাপক তল্লাশি ও উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে।
সামরিক এই হেলিকপ্টারটি মূলত ইউএসএস জর্জ এইচ. ডব্লিউ. বুশ রণতরী থেকেই উড্ডয়ন করেছিল। তবে ঠিক কী কারণে এটি সাগরের বুকে জরুরি অবতরণ করতে বাধ্য হলো, তা প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। যুক্তরাষ্ট্রের নৌবাহিনী অবশ্য এটি স্পষ্ট করেছে যে, হেলিকপ্টারটির ওপর শত্রুপক্ষের কোনো ধরনের হামলার আলামত পাওয়া যায়নি।
আরও
ঠিক কী পরিস্থিতির কারণে এই দুর্ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখতে ইতিমধ্যে নৌবাহিনীর পক্ষ থেকে পুরোদমে তদন্ত শুরু করা হয়েছে। একই সঙ্গে নিখোঁজ ক্রুকে দ্রুততম সময়ের মধ্যে খুঁজে বের করতে সাগরে উদ্ধারকারীরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে বিবৃতিতে জানানো হয়েছে। তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির প্রতিবেদন থেকে এই দুর্ঘটনার বিস্তারিত তথ্য জানা গেছে।










