রাজধানীর বনশ্রী সোসাইটির বহুল প্রতীক্ষিত নির্বাচনে ‘একসাথে চলার প্রত্যয়ে’ সমমনা সমর্থিত ‘শাহাবুদ্দিন-রেজা পরিষদ’ পূর্ণ প্যানেলে বিপুল বিজয় অর্জন করেছে। এই নির্বাচনে যুগ্ম মহিলা ও শিশু সম্পাদিকা পদে নিরঙ্কুশ জয় পেয়েছেন রেহানা পারভীন। উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে গত শনিবার (২৭ জুন) এই নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। পরদিন রোববার আনুষ্ঠানিক ফলাফল ঘোষণার পর সোমবার নবনির্বাচিত প্রতিনিধিদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
নির্বাচনের ঘোষিত ফলাফল অনুযায়ী, রেহানা পারভীন মোট ৯৭৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ফাহমিদা করিম পেয়েছেন ৭৭৯ ভোট। ১৯৫ ভোটের এই ব্যবধানকে সাধারণ ভোটার ও এলাকাবাসীর বিপুল আস্থা ও সমর্থনের প্রতিফলন হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। রেহানা পারভীনের পাশাপাশি শাহাবুদ্দিন-রেজা পরিষদ তাদের পূর্ণ প্যানেল নিয়ে জয়লাভ করে সোসাইটির নতুন নেতৃত্বের দায়িত্ব গ্রহণ করেছে। এবারের নির্বাচনে ‘পজিটিভ পরিবর্তনের অঙ্গীকার’ সামনে রেখে সাধারণ ভোটারদের দ্বারে দ্বারে গিয়েছিলেন এই প্যানেলের প্রার্থীরা।
জয়ের পর বনশ্রী সোসাইটির সব ভোটার ও বাসিন্দার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন রেহানা পারভীন। এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, এই বিজয় শুধু তাঁর ব্যক্তিগত কোনো অর্জন নয়; বরং এটি বনশ্রী সোসাইটির উন্নয়ন, ঐক্য ও কল্যাণে বিশ্বাসী সব বাসিন্দার সম্মিলিত প্রত্যাশার প্রতিফলন।
আরও
নির্বাচনী প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে আন্তরিকভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন এই নবনির্বাচিত প্রতিনিধি। নারী ও শিশুদের কল্যাণ, সামাজিক সম্প্রীতি বৃদ্ধি এবং নিরাপদ ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিতে সোসাইটির সবার সার্বিক সহযোগিতা ও অংশগ্রহণ কামনা করেছেন রেহানা পারভীন।









