পবিত্র মসজিদে নববির দক্ষিণ দিকের প্রাঙ্গণে হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েও একপ্রকার বেঁচে ফিরেছেন এক হাজি। সৌদি রেড ক্রিসেন্ট অথরিটির জরুরি উদ্ধারকারী দলের তাৎক্ষণিক ও দক্ষ তৎপরতায় নতুন জীবন ফিরে পেয়েছেন ৫৪ বছর বয়সী ওই ইন্দোনেশীয় নাগরিক। বুধবার ভোরে চিকিৎসকদের অভাবনীয় দ্রুত সাড়ায় ওই পুণ্যার্থীর স্পন্দন ফিরিয়ে আনা সম্ভব হয়।
সৌদি রেড ক্রিসেন্ট অথরিটির মদিনা অঞ্চলের মহাপরিচালক ড. আহমেদ আল-জাহরানি জানান, বুধবার ভোর ৫টা ২৮ মিনিটে তাদের মেডিকেল ডেসপ্যাচ সেন্টারে এই জরুরি অবস্থার খবর পৌঁছায়। খবর পাওয়ার পর এক মুহূর্তও দেরি করেনি তারা। মাত্র ১ মিনিট ৫ সেকেন্ডের রেকর্ড সময়ের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে যায় একটি বিশেষজ্ঞ ইমার্জেন্সি দল। সেখানে গিয়ে তারা দেখতে পান, কার্ডিয়াক অ্যারেস্টের কারণে ওই ব্যক্তির শ্বাসপ্রশ্বাস ও হৃৎস্পন্দন পুরোপুরি বন্ধ হয়ে গেছে।
পরিস্থিতির ভয়াবহতা বুঝতে পেরে উদ্ধারকারী দলটি অনুমোদিত চিকিৎসা প্রটোকল অনুযায়ী ঘটনাস্থলেই তাৎক্ষণিকভাবে জীবন বাঁচানোর লড়াই শুরু করে। তারা অত্যন্ত সতর্কতার সঙ্গে কার্ডিওপালমোনারি রিসাসিটেশন বা সিপিআর দেওয়ার পাশাপাশি অত্যাধুনিক চিকিৎসা সরঞ্জাম ব্যবহার করেন। তাদের এই নিরলস চেষ্টায় একসময় ওই পুণ্যার্থীর হৃৎস্পন্দন আবার ফিরে আসে এবং তিনি প্রাণে বেঁচে যান।










