ইরানের সামরিক সক্ষমতা এবং কৌশলগত অস্ত্রভান্ডার সম্পর্কে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ধারণা সম্পূর্ণ অসম্পূর্ণ বলে দাবি করেছে দেশটির সেনাবাহিনীর খাতাম আল-আনবিয়া সেন্ট্রাল কমান্ড সদর দপ্তর। আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) এক কড়া বিবৃতিতে তারা হুশিয়ারি দিয়ে বলেছে, শত্রুপক্ষ স্থায়ী ও চূড়ান্তভাবে আত্মসমর্পণ না করা পর্যন্ত এই যুদ্ধ অব্যাহত থাকবে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
এর কয়েক ঘণ্টা আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ‘ইরানকে প্রস্তর যুগে ফিরিয়ে নেওয়ার’ যে হুমকি দিয়েছিলেন, মূলত তার সরাসরি জবাব দিতেই ইরানের সেন্ট্রাল কমান্ড এই কঠোর বার্তা দিয়েছে।
বিবৃতিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে উদ্দেশ্য করে সেন্ট্রাল কমান্ড বলেছে, “আমাদের প্রকৃত সামরিক শক্তি, সরঞ্জাম এবং বিশাল কৌশলগত সক্ষমতা সম্পর্কে আপনাদের বিন্দুমাত্র জ্ঞান নেই। এমনটি ভাবার কোনো সুযোগ নেই যে, আপনারা আমাদের সব ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্র, নিখুঁত লক্ষ্যভেদী ড্রোন, আধুনিক আকাশ প্রতিরক্ষাব্যবস্থা, ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম কিংবা বিশেষ সরঞ্জামগুলো ধ্বংস করে দিতে পেরেছেন।”
আরও
ইরানি সামরিক বাহিনীর দাবি, তাদের কৌশলগত সামরিক উৎপাদনব্যবস্থা এমন সব সুরক্ষিত ও গোপন স্থানে সম্পূর্ণ সচল রয়েছে, যেগুলোর অবস্থান সম্পর্কে শত্রু জোটের কোনো ধারণাই নেই এবং সেখানে পৌঁছানোও তাদের পক্ষে কখনোই সম্ভব হবে না। মার্কিন ও ইসরায়েলি জোট চূড়ান্ত আত্মসমর্পণ না করা পর্যন্ত তাদের ওপর আরও বিচূর্ণকারী, বিস্তৃত ও ধ্বংসাত্মক হামলা চালানোর দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে ইরানের সেন্ট্রাল কমান্ড।











