সর্বশেষ

পতনের দ্বারপ্রান্তে ইরান!

Iran on the verge of collapse!Probashir city Popup 19 03

তেহরানের রাজনৈতিক আকাশে ক্রমেই ঘনীভূত হচ্ছে অনিশ্চয়তার মেঘ। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি সাম্প্রতিক বছরগুলোতে একের পর এক কৌশলগত মিত্র হারানোর মধ্য দিয়ে এক কঠিন বাস্তবতার মুখোমুখি হচ্ছেন। যুক্তরাষ্ট্রভিত্তিক সাময়িকী দ্য আটলান্টিক-এর এক বিশ্লেষণে দাবি করা হয়েছে, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত হওয়া থেকে রক্ষা করতে ব্যর্থ হওয়ার পর থেকেই খামেনির প্রভাব বলয় দুর্বল হতে শুরু করে।

প্রতিবেদনে বলা হয়, এর পরপরই ইসরায়েলের ধারাবাহিক হামলায় ইরানের তথাকথিত ‘রেজিস্ট্যান্স ফ্রন্ট’ বা অক্ষশক্তি বড় ধরনের ধাক্কা খায়। বিশেষ করে লেবাননের হিজবুল্লাহ কার্যত দুর্বল অবস্থায় পৌঁছেছে। তবে খামেনির জন্য সবচেয়ে বড় মানসিক ও রাজনৈতিক আঘাত এসেছে লাতিন আমেরিকা থেকে—দীর্ঘদিনের মিত্র ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর যুক্তরাষ্ট্রে আটক হওয়ার ঘটনা তেহরানের ক্ষমতার কেন্দ্রে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে বলে বিশ্লেষকরা মনে করছেন।

ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতিও দিন দিন জটিল হয়ে উঠছে। তীব্র অর্থনৈতিক সংকট, মুদ্রাস্ফীতি ও বেকারত্বের চাপের সঙ্গে যুক্ত হয়েছে ক্রমবর্ধমান গণবিক্ষোভ। পশ্চিমা বিশ্লেষকদের মতে, এসব কারণে খামেনির শাসনব্যবস্থা আগের চেয়ে অনেক বেশি নড়বড়ে। যদিও তেহরান সরকার বরাবরই দাবি করে আসছে, বিদেশি চাপ ও নিষেধাজ্ঞা সত্ত্বেও তারা কোনো আপস করবে না এবং সব ধরনের হুমকি মোকাবিলায় প্রস্তুত রয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলায় পরিচালিত অভিযানের সাফল্য তুলে ধরে ইরানের বিরুদ্ধে কঠোর অবস্থানের ইঙ্গিত দিয়েছেন। একই সময়ে রাশিয়া ও চীনের তুলনামূলক নীরব ভূমিকা ইরানকে আরও কূটনৈতিকভাবে একঘরে করে তুলছে বলে মত বিশ্লেষকদের। ফলে দেশটির কট্টরপন্থীরা এখন সামরিক ও অর্থনৈতিক শক্তির ওপর নির্ভর করাকেই টিকে থাকার একমাত্র পথ হিসেবে দেখছেন।

অন্যদিকে ইরানের উদারপন্থি ও বিরোধী মহলে ভিন্ন সুর শোনা যাচ্ছে। তারা বলছেন, সরকারের বৈধতা আসতে হবে জনগণের ভোট থেকে। সামাজিক যোগাযোগমাধ্যমে খামেনিবিরোধী কণ্ঠস্বর জোরালো হচ্ছে এবং নির্বাসিত প্রিন্স রেজা পাহলভিকে ঘিরেও আলোচনা বাড়ছে। তবে যুক্তরাষ্ট্র শেষ পর্যন্ত কাকে সমর্থন দেবে, সে প্রশ্নের উত্তর এখনো অস্পষ্ট। বিশ্লেষকদের মতে, ইরানের ভবিষ্যৎ রাজনৈতিক সমীকরণ নির্ধারিত হবে অভ্যন্তরীণ শক্তির ভারসাম্য ও আন্তর্জাতিক চাপের জটিল মিথস্ক্রিয়ায়।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03