মার্কিন গ্র্যামি বিজয়ী র্যাপার কার্দি বি সৌদি আরবের রাজধানী রিয়াদে সঙ্গীত পরিবেশনের উদ্দেশ্যে সফর করেছেন। সৌদি আরবে নারীদের জন্য পোশাকসংক্রান্ত কঠোর বিধিনিষেধ থাকায় তিনি দেশটিতে অবস্থানকালে হিজাব ও পূর্ণাঙ্গ কালো পোশাক পরিধান করে চলাফেরা করেন। তাঁর পোশাক ও সৌদি সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল আচরণ সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
আরব নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, রিয়াদে পৌঁছানোর পর কার্দি বি ইনস্টাগ্রামে একটি ভিডিও প্রকাশ করেন, যেখানে তিনি সৌদিকে শুভেচ্ছা জানিয়ে লেখেন—“হ্যালো সৌদি আরব। হালাল বি এসেছে।” ভিডিওতে তাকে সম্পূর্ণ কালো পর্দানসদৃশ পোশাকে দেখা যায়। পরে রিয়াদের জনপ্রিয় সোলিতায়ার মলেও তাকে একই পোশাকে শনাক্ত করেন ভক্তরা।
পরদিন আরেকটি ভিডিওতে তিনি জানান যে, হোটেল কর্তৃপক্ষ তাঁকে সৌদি অতিথিপরায়ণতার অংশ হিসেবে ঐতিহ্যবাহী ডেজার্ট পরিবেশন করেছে। তিনি রিয়াদের বিলাসবহুল হোটেলের জিমে ব্যায়াম করার অভিজ্ঞতা শেয়ার করে লেখেন, “এই দেশ অত্যন্ত জাঁকজমকপূর্ণ। সৌদি ট্যুরের প্রস্তুতি এখানেই নিচ্ছি।”
আরও
কার্দি বি আরও উল্লেখ করেন, সৌদিতে শিশু থেকে শুরু করে বয়স্ক—অনেকেই তাকে চিনে ফেলছেন এবং সৌদি নাগরিকদের আচরণকে তিনি অত্যন্ত ভদ্র ও শালীন বলে অভিহিত করেন। তিনি জানান, নিজে শপিং মলে গিয়ে কিছু কেনাকাটাও করেছেন।
১১ থেকে ১৩ ডিসেম্বর রিয়াদসহ সৌদি আরবের বিভিন্ন স্থানে পারফর্ম করেছেন তিনি। তাঁর এই সফর মধ্যপ্রাচ্যে আন্তর্জাতিক শিল্পীদের অংশগ্রহণে অনুষ্ঠিত সাংস্কৃতিক আয়োজনগুলোর প্রতি সৌদির ক্রমবর্ধমান আগ্রহকে আবারও সামনে নিয়ে এসেছে।












