দীর্ঘ প্রবাস জীবন শেষে দেশে ফিরে গাজীপুর-৩ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছিলেন এনামুল হক মোল্লা। স্বল্প সময়ের মধ্যেই তার পোস্টার-ব্যানারে ছেয়ে যায় শ্রীপুর ও আশপাশের এলাকা। তবে বুধবার গভীর রাতে এক নাটকীয় ঘটনায় তাকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শ্রীপুরে এনামুলের বাড়ি ঘেরাও করে অভিযান চালায় যৌথ বাহিনী। দীর্ঘ তল্লাশির পর সেনাবাহিনীর সদস্যরা তাকে বাড়ির ছাদের পানির ট্যাংকের ভেতর থেকে আটক করে। এ সময় তার কাছ থেকে দুটি পিস্তল, গুলি, ওয়াকিটকি, ইলেকট্রিক শক মেশিনসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

আরও
স্থানীয় সূত্র জানায়, এনামুলের বিরুদ্ধে একাধিক মামলা থাকায় তিনি ২০১৭ সালে ‘আব্দুল্লাহ আল মামুন’ নামে নতুন পাসপোর্ট তৈরি করে সৌদি আরবে পাড়ি জমান। চলতি বছরের আগস্টে দেশে ফেরার পর তিনি বিএনপি থেকে মনোনয়ন চেয়েছিলেন, কিন্তু না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী প্রচারণা শুরু করেন।
এনামুলের ভাই দাবি করেছেন, নির্বাচনে অংশ নেওয়ায় প্রতিপক্ষরা ষড়যন্ত্র করে তাকে ফাঁসিয়েছে। তবে গাজীপুর-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু বলেছেন, এনামুল “চিহ্নিত সন্ত্রাসী” এবং ২০০১ সালেই তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল।
অভিযান শেষে আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, উদ্ধারকৃত অস্ত্র ও সরঞ্জাম জব্দ করা হয়েছে এবং এনামুলের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।












