মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী উড়োজাহাজে ধাক্কা মেরেছে একটি পণ্যবাহী ট্রাক। সোমবার (১৪ জুলাই) সকাল বেলা এই ঘটনা ঘটে। ধাক্কায় বিমান সংস্থা ‘আকাশ এয়ার’-এর একটি বিমানের ডানায় আঘাত লাগে এবং ডানার একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়।
ঘটনার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে দেখা যায় ট্রাকটির সামনের অংশ বিমানের ডানার প্রান্তে ঢুকে গেছে। যদিও এসব ছবি ও ভিডিওর সত্যতা স্বতন্ত্রভাবে যাচাই করা যায়নি বলে জানিয়েছে আনন্দবাজার পত্রিকা।

আরও
সূত্র জানায়, দুর্ঘটনার সময় ট্রাকটি চালাচ্ছিলেন একটি তৃতীয় পক্ষের মাধ্যমে নিযুক্ত একজন চালক। কীভাবে ট্রাকটি বিমানের এত কাছে চলে এল এবং এই ধরনের দুর্ঘটনা ঘটল, সে বিষয়ে ইতোমধ্যে তদন্ত শুরু করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ।
বিমানটির ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে প্রকৌশলীদের একটি দল কাজ করছে। যাত্রীদের নিরাপত্তার বিষয়ে কোনো ঝুঁকি ছিল কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে।
‘আকাশ এয়ার’-এর এক মুখপাত্র জানিয়েছেন, ঘটনার তদন্ত চলছে এবং ট্রাকচালকের ভূমিকাও খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনে সংশ্লিষ্ট পক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি।









