মুসলিম উম্মাহর প্রতি বিশেষ বার্তা দিয়েছেন মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়খ ড. আবদুর রহমান আস-সুদাইস। মহানবীর (সা.) জন্মদিন পালনে সাহাবি ও পূর্বসূরী আলেমদের অনুসরণের আহ্বান জানিয়ে তিনি বলেছেন, নবীজি (সা.)-এর প্রতি ভালোবাসা প্রকাশের প্রকৃত উপায় হলো তার সুন্নাহ অনুসরণ করা।
শায়খ সুদাইস বলেন, কোরআন ও সুন্নাহতে মাওলিদ উদযাপনের কোনো ভিত্তি নেই। মহানবী (সা.), তার সাহাবি কিংবা খুলাফায়ে রাশেদিন কেউই তা পালন করেননি। তার ভাষায়, এটি একটি বিদআত। বর্তমানে মাওলিদ উপলক্ষে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে নারী-পুরুষের অবাধ মেলামেশা, অপচয় ও গান-বাজনার মতো বিষয়ও দেখা যায়। নবীজি (সা.)-এর প্রতি সত্যিকারের ভালোবাসা তার সুন্নাহ অনুসরণের মাধ্যমে প্রকাশ করতে হবে, নতুন কোনো রীতি চালুর মাধ্যমে নয়।
মহানবী (সা.)-এর একটি হাদিস উদ্ধৃত করে তিনি আরও বলেন, ‘ ‘সাবধান! তোমরা নতুন আবিষ্কৃত বিষয়গুলো হতে বেঁচে থাকো; কারণ, প্রতিটি নতুন আবিষ্কৃত বিষয় বিদ‘আত। আর প্রত্যেক বিদআত গোমরাহী, আর প্রত্যেক গোমরাহীর গন্তব্য জাহান্নাম’। বক্তব্যের শেষ দিকে মুসলমানদের উদ্দেশে সরাসরি বার্তা দেন আস-সুদাইস। তিনি বলেন, ‘তোমাদের নিজেদের ব্যাপারে আল্লাহকে ভয় করো। এসব বিদআত ও ভ্রষ্টতা পরিত্যাগ করো। তোমাদের নবীর সুন্নাহ দৃঢ়ভাবে আঁকড়ে ধরো।’











