আগামী ১০ বছরের মধ্যেও ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশে ফেরার কোনো সম্ভাবনা দেখছেন না জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। নিজের রাজনৈতিক অভিজ্ঞতার ভিত্তিতে তিনি এমন মন্তব্য করেছেন। গতকাল বৃহস্পতিবার (২৬ নভেম্বর) পাকিস্তানের ইসলামাবাদে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি। তাঁর এই বক্তব্য নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি উর্দু।
হাফিজ উদ্দিন আহমদ বলেন, শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা মূলত আওয়ামী লীগের কর্মীদের সক্রিয় রাখার একটি চেষ্টা মাত্র; তিনি আগামী ১০ বছরেও বাংলাদেশে ফিরবেন না। বিবিসি উর্দুর প্রতিবেদন অনুযায়ী, স্পিকার আরও জানান, শেখ হাসিনা দেশে ফিরলে তাঁকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে। আর ভারত তাঁকে বাংলাদেশের কাছে হস্তান্তর না করলে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) যাওয়ার কথাও উল্লেখ করেন তিনি।
আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে দেশে ফেরার ইচ্ছা প্রকাশ করেছিলেন শেখ হাসিনা। তবে তাঁর এই ঘোষণা প্রত্যাখ্যান করেছে বর্তমান বিএনপি সরকার। ঢাকার পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, কেবল আইনগত প্রত্যর্পণ প্রক্রিয়ার মাধ্যমেই তাঁর দেশে ফেরা গ্রহণযোগ্য হবে।
আরও
প্রসঙ্গত, ২০২৪ সালের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর ৫ আগস্ট দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপর থেকে তিনি ভারতেই অবস্থান করছেন।










