ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও রাষ্ট্রীয় শোক অনুষ্ঠানে অংশ নিতে তেহরান যাচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। একই সঙ্গে জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ এবং প্রধান বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামীর কয়েকজন সংসদ সদস্যও এই অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছেন। এনসিপির একটি বিশ্বস্ত সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
এনসিপি সূত্র জানিয়েছে, নাসীরুদ্দীন পাটওয়ারী এরই মধ্যে ঢাকায় অবস্থিত ইরান দূতাবাসে ভিসার জন্য আবেদন করেছেন। তবে এখনো ভিসা হাতে না পাওয়ায় তাঁর বিমানের টিকিট চূড়ান্ত করা সম্ভব হয়নি। এ কারণে তিনি ঠিক কবে এবং কোন ফ্লাইটে ঢাকা ত্যাগ করবেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। নাম প্রকাশে অনিচ্ছুক এনসিপির কয়েকজন নেতা জানান, ইরানের প্রয়াত নেতার প্রতি শ্রদ্ধা জানাতে যাওয়ার মধ্য দিয়ে দেশটির সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও সুদৃঢ় হবে। পাশাপাশি এনসিপিও দেশটির সঙ্গে একটি শক্তিশালী সম্পর্ক গড়ে তুলতে সক্ষম হবে বলে তাঁরা মনে করছেন।
অন্যদিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী জানিয়েছে, ইরান সরকারের বিশেষ আমন্ত্রণে তাদের একটি উচ্চপর্যায়ের সংসদীয় প্রতিনিধিদল খামেনির বিদায়, জানাজা ও রাষ্ট্রীয় শোক অনুষ্ঠানে অংশ নিতে আগামীকাল ৩ জুলাই ঢাকা ত্যাগ করবে। আগামী ৯ জুলাই পর্যন্ত তাঁরা ইরানে অবস্থান করবেন। দলটির নায়েবে আমির ও সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমানের নেতৃত্বে এই প্রতিনিধিদলে অপর সদস্য হিসেবে রয়েছেন সংসদ সদস্য মো. নুরুল আমীন, ড. মো. কেরামত আলী এবং ডা. এস এম খালিদুজ্জামান।











