সর্বশেষ

বাংলাদেশের সঙ্গে যোগাযোগের সব পথ খোলা আছে: ভারতের সেনাপ্রধান

Army Chief of IndiaProbashircityWebPopupUpdate

ভারত ও বাংলাদেশের মধ্যে যেকোনো ধরনের ভুল বোঝাবুঝি এড়াতে দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে একাধিক যোগাযোগের চ্যানেল সক্রিয় রয়েছে বলে জানিয়েছেন ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। বুধবার (১৩ জানুয়ারি) নয়া দিল্লিতে ভারতীয় সেনাবাহিনীর বার্ষিক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

সংবাদ সম্মেলনে এক সাংবাদিক বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সাম্প্রতিক সম্পর্ক উন্নয়নকে ভারতের জন্য সম্ভাব্য নিরাপত্তা হুমকি হিসেবে দেখা হচ্ছে কি না—এমন প্রশ্ন করেন। জবাবে জেনারেল দ্বিবেদী বলেন, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এবং সেখানে কী ধরনের সরকার ক্ষমতায় রয়েছে, তা ভারতের জন্য গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয়। তিনি বলেন, যদি বর্তমান সরকার অন্তর্বর্তী হয়, তাহলে তাদের সিদ্ধান্তগুলো স্বল্পমেয়াদি নাকি দীর্ঘমেয়াদি—তা বোঝা জরুরি।

ভারতীয় সেনাপ্রধান আরও বলেন, এই প্রেক্ষাপটে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া প্রয়োজন কি না, সে বিষয়টি সতর্কভাবে মূল্যায়ন করা হচ্ছে। তিনি জানান, বর্তমানে ভারতীয় সেনাবাহিনীর পাশাপাশি নৌবাহিনী ও বিমানবাহিনী—তিন বাহিনীর পক্ষ থেকেই বাংলাদেশের সঙ্গে সব ধরনের যোগাযোগের চ্যানেল খোলা রাখা হয়েছে এবং তিনি নিজে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধানের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রাখছেন।

এছাড়া মাঠপর্যায়ের পরিস্থিতি বুঝতে ভারতীয় সেনাবাহিনীর একটি প্রতিনিধিদল বাংলাদেশ সফর করেছে বলেও জানান তিনি। একই সঙ্গে নৌবাহিনী ও বিমানবাহিনীর শীর্ষ পর্যায়ের কর্মকর্তারাও পারস্পরিক যোগাযোগ রক্ষা করছেন, যাতে কোনো ধরনের বিভ্রান্তি বা ভুল বার্তা আদান-প্রদান না হয়।

জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেন, ভারতের পক্ষ থেকে নেওয়া সামরিক প্রস্তুতি ও সক্ষমতা বৃদ্ধির কার্যক্রম কোনো দেশের বিরুদ্ধে নয়। এটি একটি চলমান ও স্বাভাবিক প্রক্রিয়া, যা অন্যান্য দেশও অনুসরণ করে। তিনি আশ্বস্ত করেন, আঞ্চলিক পরিস্থিতি ভারত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং পারস্পরিক যোগাযোগের মাধ্যমে স্থিতিশীলতা বজায় রাখার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

সূত্র: আনন্দবাজার

আরও দেখুন;

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate
ProbashircityWebBannerUpdate