সৌদি আরবের গুরুত্বপূর্ণ তিনটি স্থাপনায় বড় ধরনের হামলার দাবি করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। গোষ্ঠীটির দাবি অনুযায়ী, তাদের নিশানায় ছিল শারুরাহ বিমানবন্দর, খামিস মুশাইত সামরিক ঘাঁটি এবং রাজধানী রিয়াদে অবস্থিত রাষ্ট্রীয় তেল কোম্পানি সৌদি আরামকোর একটি স্থাপনা।
হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় এসব দাবি করেন। তিনি জানান, প্রথম অভিযানে শারুরাহ বিমানবন্দরে থাকা একটি সামরিক কার্গো বিমান লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়। এরপর খামিস মুশাইত সামরিক ঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়, যা সরাসরি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে বলে দাবি তাঁর। এর পাশাপাশি রিয়াদে আরামকোর স্থাপনায়ও তারা আঘাত হেনেছে।
তবে হুতিদের এসব দাবির বিষয়ে এখন পর্যন্ত সৌদি আরব কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এছাড়া, এসব হামলায় আদৌ কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে কি না, তা স্বাধীন কোনো সূত্র থেকেও নিশ্চিত হওয়া সম্ভব হয়নি।










