সর্বশেষ

‘মা আর মনে হয় দেখা হবে না’, সৌদিতে আগুনে পোড়ার আগে ছেলের আকুতি

PamanikWeb Popup (3)

‘মা আর মনে হয় দেখা হবে না। সবাই দোয়া করো। ছোট ভাই সুমন প্রামাণিক আগুনে পুড়ে এরই মধ্যে মারা গেছে।’ মৃত্যুর ঠিক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ইমোতে অডিও বার্তায় মাকে এভাবেই শেষ কথাগুলো বলেছিলেন নওগাঁর আত্রাই উপজেলার গন্ডগোহালী গ্রামের মহন প্রামাণিক। সুদূর সৌদি আরবের রিয়াদে একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে তাঁর ও তাঁর ভাইয়ের এমন অকালমৃত্যুতে পরিবারটিতে এখন কেবলই শোকের মাতম।

কাঁদতে কাঁদতে মহনের মা ময়না বেগম জানান, কয়েক বছর আগে বাড়ির শেষ সম্বল একটি গরু বিক্রির টাকায় দুই ছেলে মহন ও সুমনকে সৌদি আরবে পাঠিয়েছিলেন তিনি। প্রবাস থেকে ছেলেদের পাঠানো রোজগারের টাকায় কয়েক দিন আগেই ইটের একটি পাকা বাড়ি তৈরির কাজ শুরু হয়েছিল। কথা ছিল, দেশে ফিরলে বড় ছেলের বিয়ে দেবেন। কিন্তু এক ভয়াবহ আগুনে মুহূর্তের মধ্যেই তাঁদের সেই রঙিন স্বপ্ন পুড়ে ছাই হয়ে গেছে।

একই গ্রামের ৬৮ বছর বয়সী বৃদ্ধা কারিমা খাতুনের আহাজারিতে ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ। স্বামী হারানোর পর একমাত্র সন্তান কলিম উদ্দিনকে ঘিরেই ছিল তাঁর বেঁচে থাকার সব স্বপ্ন। পাঁচ বছর আগে সংসারের অভাব ঘোচাতে ছেলেকে তিনি পাঠিয়েছিলেন মরুর দেশ সৌদি আরবে। ছেলের উপার্জনের টাকাতেই চলত তাঁদের সংসার। কিন্তু গতকাল দুপুরের পর মুঠোফোনে একমাত্র সন্তানের মৃত্যুর খবর পাওয়ার পর থেকে বারবার জ্ঞান হারাচ্ছেন এই অসহায় মা।

গত রোববার দুপুরে রিয়াদের ওই সোফা কারখানায় ভয়াবহ এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই দুর্ঘটনায় নিহত বাংলাদেশিদের মধ্যে ১৩ জনের বাড়ি নওগাঁয় এবং বাকি তিনজনের বাড়ি নাটোরে। নিহতদের মধ্যে রয়েছেন পারকাসুন্দা গ্রামের জালাল উদ্দিন, ডুবাই গ্রামের সুমন হোসেন, সোহেল রানা ও হাসিবুল হাসান শুভ, গন্ডগোহালী গ্রামের মহন প্রামাণিক, সুমন প্রামাণিক, রুবেল হোসেন ও কলিম উদ্দিন প্রামাণিক, সাতনগর গ্রামের সাগর হোসেন, উদয়নপুর গ্রামের ফরিদ শেখ, মাদবপুর গ্রামের মজিদুল ইসলাম, মধ্য বোয়ালিয়া গ্রামের মিনহাজ হোসেন এবং খরসতি গ্রামের মহিদুল ইসলাম।

এদিকে সৌদি আরবে সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রবাসী বাংলাদেশি শ্রমিকদের এমন মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। এক শোকবার্তায় তিনি বলেন, রেমিট্যান্সযোদ্ধা এসব প্রবাসীর অকালমৃত্যু অত্যন্ত হৃদয়বিদারক। তাঁদের আকস্মিক এই প্রয়াণে গভীর শোক প্রকাশের পাশাপাশি নিহতদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি তিনি গভীর সমবেদনা জানিয়েছেন।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup