সৌদি আরবে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের ই-পাসপোর্ট ও আঙুলের ছাপ (ফিঙ্গারপ্রিন্ট) দেওয়ার দীর্ঘদিনের ভোগান্তি নিরসনে ১০ দিনব্যাপী বিশেষ সেবা কার্যক্রম শুরু করেছে জেদ্দায় অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট জেনারেল। আজ রোববার থেকে শুরু হওয়া এই বিশেষ কনস্যুলার ক্যাম্প চলবে আগামী ১৯ আগস্ট পর্যন্ত।

সেবাগ্রহীতাদের দুর্ভোগ কমাতে আজ ভোর থেকেই কনস্যুলেটে সরাসরি উপস্থিত থেকে পুরো কার্যক্রম তদারকি করেন কনসাল জেনারেল মোহাম্মদ সাখাওয়াত হোসেন। ই-পাসপোর্ট ও ফিঙ্গারপ্রিন্ট বুথে ফরম পূরণসহ বিভিন্ন কাজে তাঁকে সরাসরি অংশ নিতে দেখা যায়। সেবা কার্যক্রম আরও দ্রুত ও কার্যকর করতে কনস্যুলেটে অতিরিক্ত জনবলও যুক্ত করা হয়েছে।
আরও


প্রবাসীদের দীর্ঘদিনের দুর্ভোগ কমাতেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কনসাল জেনারেল। তিনি জানান, এই বিশেষ ব্যবস্থার ফলে পাঁচ দিনের কাজ এখন মাত্র এক দিনেই সম্পন্ন করা সম্ভব হচ্ছে এবং প্রবাসীদের সুবিধার্থে এই বিশেষ সেবা কার্যক্রম অব্যাহত থাকবে।


এদিকে কনস্যুলেটের এমন উদ্যোগে স্বস্তি প্রকাশ করেছেন সেবা নিতে আসা প্রবাসী বাংলাদেশিরা। তাঁরা জানান, মাঠপর্যায়ে এ ধরনের দ্রুত ও ঝামেলাহীন সেবা নিয়মিত চালু থাকলে প্রবাসে তাঁদের পাসপোর্ট ও অন্যান্য নথিপত্রসংক্রান্ত ভোগান্তি অনেকটাই কমে আসবে।









