সৌদিতে ঘটে গেল এক হাড়হিম করা ভয়াবহ দুর্ঘটনা। রাস্তা পার হতে যাওয়া তিন পথচারীকে সজোরে ধাক্কা দিল একটি দ্রুতগামী প্রাইভেট কার। ধাক্কার তীব্রতা এতটাই বেশি ছিল যে মুহূর্তেই ছিটকে পড়েন তারা। শিউরে ওঠার মতো এই মর্মান্তিক দুর্ঘটনার একটি সিসিটিভি ফুটেজ নতুন করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ধারণা করা হচ্ছে, ভয়াবহ এই দুর্ঘটনাটি সৌদি আরবের আবহা শহরে ঘটেছে।
ভিডিওতে দেখা যায়, রাতের বেলায় তিন পথচারী সড়ক পার হচ্ছিলেন। অর্ধেক পার হয়ে কিছুটা সময় অপেক্ষা করেন এবং গাড়ির গতিবিধি খেয়াল করে বাকি অংশ পার হওয়ার চেষ্টা করেন। ঠিক সেই মুহূর্তে একটি সাদা রঙের গাড়ি তীব্র গতিতে এসে তাদের সজোরে ধাক্কা দেয়। চালক ব্রেক করার বা গাড়ির গতি কমানোর কোনো চেষ্টাই করেননি। দুর্ঘটনার পরপরই আশেপাশের অন্যান্য গাড়ির চালক ও সাধারণ মানুষ হতভাগ্য ওই পথচারীদের সাহায্যে ছুটে আসেন।
ঘটনাটি আগের হলেও নতুন করে ভিডিও ভাইরালের পর চালক এবং পথচারীদের সচেতনতা নিয়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। অনেকের মতে, রাস্তা সোজা থাকায় অন্তত ১০০ মিটার দূর থেকেই পথচারীদের পরিষ্কার দেখার কথা ছিল। চালক হয়তো মোবাইল ফোন নিয়ে ব্যস্ত ছিলেন অথবা অন্যমনস্ক ছিলেন।
আরও
আবার, অনেকেই বলছেন এমন ব্যস্ত মহাসড়ক বা দ্রুতগতির রাস্তায় পথচারীদেরও এভাবে পার হওয়া উচিত হয়নি। পথচারীদের জন্য নিরাপদ পারাপারের ব্যবস্থা, সিগন্যাল বাটন এবং ট্রাফিক আইন অমান্যকারীদের জন্য আরও কঠোর জরিমানার ব্যবস্থা করার দাবিও উঠেছে।









