ওমানের উত্তর আল বাতিনাহর শিনাস এলাকায় একটি বিপণিবিতানের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নেভাতে গিয়ে নিজেদের জীবনের ঝুঁকি নেওয়ার পাশাপাশি দেশের জাতীয় পতাকা রক্ষা করে সবার নজর কেড়েছেন দেশটির সিভিল ডিফেন্সের কর্মীরা। দুর্যোগের মুহূর্তেও দেশের পতাকার প্রতি এমন ভালোবাসা ও শ্রদ্ধাবোধের প্রশংসা করেছে সাধারণ মানুষ।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, চারদিকে ঘন কালো ধোঁয়া আর আগুনের মধ্যেই কাজ করছেন অগ্নিনির্বাপণ কর্মীরা। এরই মধ্যে দুজন কর্মী দ্রুত এগিয়ে গিয়ে ভবনের সামনে থাকা দুটি জাতীয় পতাকা সযত্নে খুলে নিরাপদ স্থানে সরিয়ে নেন। অন্য এক কর্মী তখন পাশ থেকে পানি ছিটিয়ে আগুন নেভানোর চেষ্টা করছিলেন।
ওমানের সিভিল ডিফেন্স অ্যান্ড অ্যাম্বুলেন্স অথরিটি জানিয়েছে, বাতাসের তীব্রতা এবং গুদামে থাকা মালামালের ধরনের কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে বেশ বেগ পেতে হয়েছে। তবে কর্মীদের নিরলস চেষ্টায় আগুন ছড়িয়ে পড়া ঠেকানো সম্ভব হয়। এক বার্তায় সিভিল ডিফেন্স বলেছে, তাদের কর্মীরা কেবল মানুষের জানমালই রক্ষা করেন না, বরং কাজের মাধ্যমে দেশের মর্যাদাও সমুন্নত রাখেন।









