এসে গেছে হজ। তারমধ্যেই সৌদি আরবের মক্কা ও পবিত্র স্থানগুলোতে যাওয়ার রুটে তীব্র গরমের পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া দপ্তর। মদিনা থেকে মক্কাগামী সড়কগুলোতে বর্তমানে আবহাওয়া মোটের ওপর স্থিতিশীল থাকলেও আগামীতে দিনের বেলায় বেশ উষ্ণ থেকে অত্যন্ত উষ্ণ আবহাওয়া বিরাজ করতে পারে বলে জানানো হয়েছে।
আবহাওয়া বিভাগ জানিয়েছে, এসব এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে, আর সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে ২২ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবে প্রায় ২৯ শতাংশ। খোলা জায়গাগুলোতে ভূপৃষ্ঠের বাতাস সক্রিয় হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে, যার ফলে যাত্রাপথে হালকা ধূলিঝড়ের সৃষ্টি হতে পারে।
হজযাত্রী ও সাধারণ ভ্রমণকারীদের নিরাপত্তার স্বার্থে বেশ কিছু সতর্কতামূলক নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে আবহাওয়া কেন্দ্র। পবিত্র স্থানগুলোতে যাওয়ার আগে যানবাহনের সার্বিক অবস্থা ভালোভাবে পরীক্ষা করে নেওয়ার পাশাপাশি ভ্রমণের সময় শরীর আর্দ্র রাখতে প্রচুর পরিমাণে পানি ও তরল পানের পরামর্শ দেওয়া হয়েছে। নিরাপদ যাতায়াত নিশ্চিত করার লক্ষ্যেই হজযাত্রীদের সুরক্ষায় এই আবহাওয়া সতর্কবার্তা জারি করা হয়েছে।








