চলতি বছরের পবিত্র হজ মৌসুম উপলক্ষে ইরান থেকে আগত হাজিদের বরণ করে নিতে সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে সৌদি আরব। দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয় গত শুক্রবার এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানিয়েছে, ইরানি অতিথিদের নিরাপত্তা, সুষ্ঠু পরিবেশ ও সর্বোচ্চ আতিথেয়তা নিশ্চিত করতে রিয়াদ অধীর আগ্রহে অপেক্ষা করছে। পবিত্র ভূমিতে হাজিরা যেন নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ পরিবেশে তাঁদের ইবাদত পালন করতে পারেন, সে জন্য ইতিমধ্যে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
জানা গেছে, ইরানের হজসংক্রান্ত সংস্থার একটি প্রতিনিধিদল ইতিমধ্যে সৌদি আরবে অবস্থান করে সার্বিক পরিস্থিতি তদারকি করছে। তাদের দেওয়া তথ্য অনুযায়ী, প্রথম দফায় ইরানি হাজিদের একটি দল আজ শনিবার (২৫ এপ্রিল) মদিনায় পৌঁছাবেন। সেখানে নির্দিষ্ট সময় অবস্থানের পর তাঁরা পূর্ণ নিরাপত্তা ও নিশ্চিন্ত পরিবেশে মক্কায় গিয়ে হজের মূল আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন বলে আশা করা হচ্ছে।
ইরানসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা লাখ লাখ হাজির সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে সৌদি প্রশাসন বদ্ধপরিকর। সৌদি কর্মকর্তারা বারবার আশ্বস্ত করে বলেছেন, হাজিদের জন্য উন্নত মানের আবাসন ও স্বাস্থ্যসম্মত খাবারের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি পবিত্র স্থানগুলোর মধ্যে যাতায়াত নির্বিঘ্ন করতে স্থল, রেল ও আকাশপথের সব ধরনের পরিবহনব্যবস্থা সম্পূর্ণ প্রস্তুত রাখা হয়েছে।
আরও
সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি ও সৌদি প্রেস এজেন্সির তথ্যমতে, ইরানের সুপ্রিম ন্যাশনাল কাউন্সিলের অনুমোদনে এ বছর প্রায় ৩০ হাজার ইরানি নাগরিক পবিত্র হজে অংশ নিচ্ছেন। পরিকল্পনা অনুযায়ী, এই ইরানি হাজিরা এক মাসের বেশি সময় সৌদি আরবে অবস্থান করবেন এবং এর মধ্যে অন্তত সাত দিন তাঁরা মদিনায় কাটানোর সুযোগ পাবেন। পবিত্র মসজিদুল হারামের অতিথিদের যথাযথ মর্যাদা ও আন্তরিকতার সঙ্গে সেবা প্রদানে নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে সৌদি কর্তৃপক্ষ।










