শীতের আমেজ শুরু হওয়ায় ওমানের রাজধানী মাসকাটে জমে উঠেছে ক্যাম্পিং মৌসুম। পরিবার ও ভ্রমণপিপাসুদের নিরাপদ অবকাশ যাপন এবং পরিবেশ সুরক্ষায় এবার ক্যাম্পিংয়ের জন্য কঠোর নিয়মকানুন, ফি ও জরিমানার বিধান ঘোষণা করেছে মাসকাট মিউনিসিপ্যালিটি। নির্দেশনা অমান্য করলে ৩৫০ ওমানি রিয়াল পর্যন্ত জরিমানা গুনতে হবে।
নতুন নিয়ম অনুযায়ী, ৪৮ ঘণ্টার বেশি সময় ক্যাম্পিং করতে চাইলে মিউনিসিপ্যালিটির ইলেকট্রনিক সার্ভিস পোর্টাল থেকে আগেই অনুমোদন বা পারমিট নিতে হবে এবং তা ক্যাম্পের দৃশ্যমান স্থানে ঝুলিয়ে রাখতে হবে। একজন আবেদনকারী দুই সপ্তাহের জন্য সর্বোচ্চ ১০০ বর্গমিটার জায়গার অনুমোদন পাবেন, যা পরে নবায়ন করা যাবে। এ জন্য প্রতি বর্গমিটারে দৈনিক ৫০ বাইসা ফি এবং ১০০ বাইসা ফেরতযোগ্য জামানত দিতে হবে। ক্যাম্পিং শেষে নিয়ম মেনে জায়গাটি ছেড়ে গেলে পরিদর্শনের পর জামানতের অর্থ ফেরত দেওয়া হবে।
মিউনিসিপ্যালিটি জানিয়েছে, কেবল নির্ধারিত এলাকাতেই তাঁবু খাটানো যাবে। প্রতিটি ক্যাম্প সমুদ্রসৈকত থেকে অন্তত ১০ মিটার, আবাসিক এলাকা থেকে ১০০ মিটার এবং পাশের ক্যাম্প থেকে কমপক্ষে ৫ মিটার দূরে হতে হবে। ক্যাম্পিংয়ের সময় লেজার লাইট, ওপরের দিকে তাক করা আলো, উচ্চ শব্দের জেনারেটর ব্যবহার, মাটি খনন, কংক্রিটের স্থাপনা তৈরি এবং সবুজ স্থানে আগুন জ্বালানো সম্পূর্ণ নিষিদ্ধ।
আরও
কর্তৃপক্ষ সতর্ক করে জানিয়েছে, প্রয়োজনীয় অনুমোদন ছাড়া ক্যাম্পিং করলে ৩৫০ ওমানি রিয়াল এবং অন্যান্য নিয়ম ভঙ্গ করলে ৫০ রিয়াল জরিমানা করা হবে। এ ছাড়া নির্দেশনা দেওয়ার ২৪ ঘণ্টার মধ্যে সংশোধন না করলে সংশ্লিষ্ট ব্যক্তির নিজ খরচে ক্যাম্পটি অপসারণ করা হবে।











