ওমানের জাতীয় দিবস উদ্যাপনের সময় বেআইনি সমাবেশ বা জটলা করলে কঠোর শাস্তির হুঁশিয়ারি দিয়েছে দেশটির পাবলিক প্রসিকিউশন। সতর্কবার্তায় জানানো হয়েছে, প্রকাশ্য স্থানে ১০ বা তার বেশি মানুষ একত্র হয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করলে কিংবা কর্তৃপক্ষের নির্দেশের পরও স্থান ত্যাগ না করলে তা দণ্ডবিধির ১২১ অনুচ্ছেদ অনুযায়ী ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য হবে। এ ধরনের অপরাধে এক বছর পর্যন্ত কারাদণ্ড বা সর্বোচ্চ ৫০০ ওমানি রিয়াল জরিমানা কিংবা উভয় দণ্ড হতে পারে, পাশাপাশি দণ্ডবিধির এই অনুচ্ছেদের আওতায় সর্বোচ্চ তিন বছর পর্যন্ত কারাদণ্ড এবং ১ হাজার ওমানি রিয়াল পর্যন্ত জরিমানার বিধানও রয়েছে।
সতর্কবার্তা দিয়েছে রয়্যাল ওমান পুলিশও। গাড়ি নিয়ে বেপরোয়া স্টান্ট এবং চলন্ত গাড়ির জানালা বা ছাদ দিয়ে বাইরে বের না হতে সতর্ক করা হয়েছে। এ ছাড়া উচ্চ শব্দে লাউডস্পিকার বাজানো, রং স্প্রে ব্যবহার ও জনসম্মুখে অশালীন আচরণ নিষিদ্ধ করে আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ।








