ওমানের সাহামে স্কুল পার্কিং থেকে গাড়ি ও ল্যাপটপ চুরির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে রয়্যাল ওমান পুলিশ। সম্প্রতি ওই প্রদেশের কয়েকটি স্কুলের সামনে পার্ক করে রাখা গাড়ি থেকে এসব চুরির ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তি একটি স্কুলের কার পার্কিং থেকে একটি গাড়ি চুরি করে। এছাড়া সাহামের আরও বেশ কয়েকটি স্কুলের সামনে থাকা গাড়ি থেকে ল্যাপটপ চুরি করে সে। অভিযোগ পেয়ে দ্রুত তদন্তে নামে পুলিশ এবং অভিযুক্তকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। বর্তমানে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এ ঘটনার পর সাধারণ নাগরিকদের সতর্ক করেছে ওমান পুলিশ। তারা চালকদের উদ্দেশ্যে জানিয়েছে, কোনোভাবেই ইঞ্জিন চালু অবস্থায় গাড়ি রেখে যাওয়া যাবে না। একইসঙ্গে গাড়ির ভেতরে চাবি বা ল্যাপটপের মতো কোনো মূল্যবান জিনিসপত্র না রাখারও কড়া পরামর্শ দেওয়া হয়েছে।








