বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সাবেক খতিব মাওলানা মুফতি রুহুল আমিনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীর বসুন্ধরা এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার বাসিন্দা মুফতি রুহুল আমিন ২০২২ সালের ৩১ মার্চ থেকে ২০২৪ সালের ২২ সেপ্টেম্বর পর্যন্ত বায়তুল মোকাররমের খতিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের সাবেক গভর্নরও ছিলেন। ২০১৮ সালে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দিয়ে তিনি ব্যাপক সমালোচনার মুখে পড়েন। এছাড়া একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-১ আসন থেকে তিনি আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ছিলেন বলেও জানা যায়।

আরও
গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর মুফতি রুহুল আমিন আত্মগোপনে চলে যান। প্রায় ছয় সপ্তাহ পর ২০ সেপ্টেম্বর জুমার নামাজের আগে অনুসারীদের নিয়ে তিনি মসজিদে গেলে খুতবা চলাকালে মাইক্রোফোনের নিয়ন্ত্রণ নিয়ে তাঁর অনুসারীদের সঙ্গে উপস্থিত মুসল্লিদের সংঘর্ষ বাধে। এতে বেশ কয়েকজন আহত হন এবং মসজিদের দরজা-জানালা ক্ষতিগ্রস্ত হয়। এই ঘটনার দুদিন পর ২২ সেপ্টেম্বর ধর্ম মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তাঁকে খতিব পদ থেকে অপসারণ করা হয়।











