ওমানের গৌরবময় জাতীয় দিবস উদ্যাপন উপলক্ষে আগামী ২০ নভেম্বর (শুক্রবার) এক বর্ণাঢ্য সামরিক কুচকাওয়াজ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দেশটির সশস্ত্র বাহিনীর সুপ্রিম কমান্ডার সুলতান হাইথাম বিন তারিক। দাখেলিয়া প্রদেশের সুলতান অব ওমানস আর্মারের শাফি ক্যাম্পের মিলিটারি প্যারেড গ্রাউন্ডে বিশেষ এই কুচকাওয়াজের আয়োজন করা হয়েছে।
জমকালো এই আয়োজনে সুলতান হাইথাম বিন তারিকের পাশাপাশি রাজপরিবার ও আল বুসাইদি পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত থাকবেন। এ ছাড়া স্টেট কাউন্সিল ও শুরা কাউন্সিলের চেয়ারম্যান, বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী ও উপদেষ্টাগণ এবং সশস্ত্র বাহিনীসহ অন্যান্য সামরিক ও নিরাপত্তা বাহিনীর কমান্ডাররা এই অনুষ্ঠানে অংশ নেবেন।
জাতীয় দিবসের এই আয়োজনে ওমানে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনৈতিক মিশনের প্রধান, স্টেট ও শুরা কাউন্সিলের সদস্য, ঊর্ধ্বতন সামরিক ও নিরাপত্তা কর্মকর্তা, অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা এবং বিপুলসংখ্যক সাধারণ নাগরিকও উপস্থিত থাকবেন বলে জানা গেছে।










