টানা দ্বিতীয় মাসের মতো ওমানে সার্বিক মূল্যস্ফীতি কমেছে। গত অক্টোবরে তা নেমে এসেছে ২ দশমিক ৯ শতাংশে, যা সেপ্টেম্বরে ৩ দশমিক ২ শতাংশ ছিল। তবে সরকারি খাতায় এই স্বস্তির ছাপ পড়লেও প্রবাসীদের বাস্তব চিত্র একেবারেই ভিন্ন। কারণ, নিত্যপণ্যের বাজারে রীতিমতো আগুন। হু হু করে বাড়ছে খাবারের দাম, যার সরাসরি প্রভাব পড়ছে দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের দৈনন্দিন খরচে ও সঞ্চয়ে।
দেশটির জাতীয় পরিসংখ্যান কেন্দ্রের তথ্য বলছে, অক্টোবরে গত বছরের একই সময়ের তুলনায় খাদ্যপণ্যের দাম প্রায় ৮ শতাংশ বেড়েছে। সবচেয়ে বেশি বেড়েছে প্রবাসীদের নিত্যদিনের প্রয়োজনীয় সবজি, ফল ও মাংসের দাম। বাজারে সবজির দাম ১৭ শতাংশ, ফলের দাম ১৬ দশমিক ৯ শতাংশ এবং মাংসের দাম সাড়ে ১০ শতাংশ পর্যন্ত বেড়েছে। এর পাশাপাশি প্রবাসীদের দৈনন্দিন যাতায়াত বা পরিবহন খরচও ৫ দশমিক ৬ শতাংশ বেড়েছে।
আন্তর্জাতিক মুদ্রা তহবিল -আইএমএফ জানিয়েছে, মূলত খাবার ও যাতায়াত খরচ বাড়ার কারণেই ওমানে জীবনযাত্রার এই বাড়তি ব্যয়। আবাসন ও গ্যাস-বিদ্যুতের দাম স্থিতিশীল থাকলেও প্রতিদিনের বাজারের এই চড়া দাম প্রবাসীদের মাসের বাজেটে বড় ধাক্কা দিচ্ছে। অঞ্চলভেদে আল দাহিরাহ ও আল উস্তায় জীবনযাত্রার ব্যয় সবচেয়ে বেশি বেড়েছে। তবে সে তুলনায় কিছুটা স্বস্তিতে আছেন ধোফার অঞ্চলে বসবাসরত প্রবাসীরা।








