বিমান চলাচলের ইতিহাসে নতুন দিগন্ত উন্মোচন করতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়াভিত্তিক প্রতিষ্ঠান ইলেকট্রা। তারা তৈরি করেছে ‘ইএল৯ আল্ট্রা শর্ট’ নামের অত্যাধুনিক এক হাইব্রিড-ইলেকট্রিক উড়োজাহাজ, যার উড্ডয়ন ও অবতরণে প্রচলিত কোনো রানওয়ের প্রয়োজন নেই। হেলিপ্যাড, খোলা মাঠ কিংবা শপিং মলের পার্কিং লটের মতো মাত্র ১৫০ ফুট সমতল জায়গা থেকেই এটি অনায়াসে ওঠানামা করতে সক্ষম। এর ফলে মাঝারি দূরত্বের যাতায়াতে বড় ধরনের বিপ্লব আসতে যাচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, একটি গ্যাস টারবাইন ও আটটি বৈদ্যুতিক মোটরে চালিত এই উড়োজাহাজে ৯ জন যাত্রী বা তিন হাজার পাউন্ড মালামাল বহন করা যাবে। একবার উড্ডয়নের পর এটি টানা ৩৮০ মাইল পর্যন্ত উড়তে পারে এবং আকাশে থাকা অবস্থায়ই এর ইঞ্জিন থেকে ব্যাটারি চার্জ হয়। প্রচলিত উড়োজাহাজের চেয়ে এতে ৪০ শতাংশ জ্বালানি কম লাগবে এবং হেলিকপ্টারের তুলনায় পরিচালন ব্যয় কমবে প্রায় ৭০ শতাংশ। এটি মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই পাঁচ-ছয়তলা ভবনের সমান উচ্চতায় পৌঁছে যেতে পারে।
ইতিমধ্যে বিশ্বের ৬০টির বেশি এয়ারলাইনস প্রতিষ্ঠান প্রায় দেড় হাজার কোটি ডলার মূল্যের ২ হাজার ২০০টির বেশি উড়োজাহাজের আগাম অর্ডার দিয়েছে। ২০২৭ সালের শেষ দিকে নরওয়েতে চূড়ান্ত পরীক্ষা শেষে ২০৩০ সাল নাগাদ এটি সাধারণ যাত্রীদের জন্য উন্মুক্ত হতে পারে। সামরিক ক্ষেত্রে ব্যবহারের জন্যও চুক্তি করেছে যুক্তরাষ্ট্র। প্রায় এক কোটি ডলার মূল্যের এই উড়োজাহাজ মাটিতে অবস্থান করে জেনারেটরের মতো ১৫টি বাড়িতে বিদ্যুৎ সরবরাহ করতেও সক্ষম।











