ওমানের মাস্কাট এলাকায় বেসরকারি খাতে চাকরিপ্রত্যাশীদের জন্য ৬০০টি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশটির শ্রম মন্ত্রণালয়। নাগরিকদের কর্মসংস্থান বৃদ্ধি এবং শ্রমবাজারে তাঁদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
মন্ত্রণালয় জানিয়েছে, এসব শূন্য পদ দেশের বিভিন্ন অর্থনৈতিক খাত ও পেশাদারি ক্ষেত্রে বিস্তৃত। ফলে চাকরিপ্রত্যাশীরা নিজেদের শিক্ষাগত যোগ্যতা, দক্ষতা ও পূর্ব অভিজ্ঞতার ওপর ভিত্তি করে নিজেদের পছন্দের পেশা বেছে নেওয়ার ব্যাপক সুযোগ পাবেন।
প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, বিভিন্ন স্তরের শিক্ষাগত যোগ্যতার প্রার্থীরা এসব পদে আবেদন করতে পারবেন। স্নাতক, ডিপ্লোমা ও পোস্ট-ডিপ্লোমাধারীদের পাশাপাশি সাধারণ ডিপ্লোমা বা এর চেয়ে কম শিক্ষাগত যোগ্যতাসম্পন্ন ব্যক্তিদের জন্যও নানা ধরনের কাজের সুযোগ রাখা হয়েছে এই নিয়োগ প্রক্রিয়ায়।
ওমানের শ্রম মন্ত্রণালয় উল্লেখ করেছে, কাজের সুযোগের এই বৈচিত্র্য প্রমাণ করে যে তারা সব শ্রেণির চাকরিপ্রত্যাশীদের কর্মসংস্থানের আওতায় আনতে চায়। এই পদক্ষেপের ফলে সব স্তরের নাগরিকেরা সহজেই শ্রমবাজারে প্রবেশ করার সুযোগ পাবেন বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।








