ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের ৯ নম্বর গেটের পাশে একটি মালামাল রাখার স্থানে (কার্গো শেড) অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৪টি ইউনিটের দ্রুত তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। শুক্রবার (৫ জুন) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সদর দপ্তরের লিডার শফিক।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, রাতে বিমানবন্দরের ৯ নম্বর গেটের পাশে মালামাল রাখার স্থানে হঠাৎ আগুন লেগে যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের কর্মীরা। পরবর্তীতে ৪টি ইউনিটের সম্মিলিত প্রচেষ্টায় রাত ১১টা ৩৮ মিনিটে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।
আরও


প্রাথমিকভাবে জানা গেছে, অগ্নিকাণ্ডের কারণে কার্গো ভিলেজে থাকা বেশ কিছু মালামালের ক্ষয়ক্ষতি হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানা যায়নি। শেষ খবর পাওয়া পর্যন্ত এই ঘটনায় কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, এর আগে গত বছরের ১৮ অক্টোবর দুপুর আড়াইটার দিকে শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজ কমপ্লেক্সে একটি ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। সে সময় ১৩টি ফায়ার স্টেশনের ৩৭টি ইউনিটের প্রায় সাড়ে ছয় ঘণ্টার অক্লান্ত চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। ওই দুর্ঘটনার কারণে সাময়িকভাবে উড়োজাহাজ চলাচল বন্ধ রাখতে হয়েছিল এবং আগুন নেভাতে গিয়ে আনসার বাহিনীর ২৫ সদস্যসহ মোট ৩৫ জন আহত হয়েছিলেন। তবে আজকের অগ্নিকাণ্ডটি দ্রুত নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের বিপর্যয় এড়ানো গেছে।









