কুয়েতে নির্দিষ্ট কিছু খাতে কর্মরত প্রবাসী শ্রমিকদের জন্য চালু করা বিশেষ লেবার ট্রান্সফার বা কর্মী স্থানান্তর কর্মসূচির আওতায় এরই মধ্যে ১৪ হাজার ৪৪০ জনের বেশি কর্মী উপকৃত হয়েছেন। দেশটির শ্রমবাজারে ভারসাম্য আনতে নেওয়া এই উদ্যোগে সবচেয়ে বেশি সাড়া মিলেছে ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাত থেকে।
গত মে মাসের শুরুতে কার্যকর হওয়া এই সিদ্ধান্তে এখন পর্যন্ত এসএমই খাত থেকে ৮ হাজার ৫৫৩টি আবেদন জমা পড়েছে। এ ছাড়া কৃষি খাত থেকে ২ হাজার ৭০৫টি, শিল্প খাত থেকে ১ হাজার ৬৪২টি, প্রাণিসম্পদ খাতে ১ হাজার ৩৯৩টি এবং মৎস্য খাত থেকে ১৪৭টি আবেদন পেয়েছে কর্তৃপক্ষ। জনশক্তি কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী জুন মাসের শেষ পর্যন্ত এই আবেদন জমা দেওয়া যাবে।
তবে শর্ত পূরণ না হওয়ায় অনেক আবেদন বাতিলও করা হয়েছে। বিশেষ করে বর্তমান নিয়োগকর্তার অনুমোদন না থাকলে কোনো স্থানান্তর আবেদনই গ্রহণ করা হচ্ছে না।
আরও
কুয়েতের প্রথম উপপ্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশনায় নেওয়া এই পদক্ষেপের মূল লক্ষ্য হলো শ্রমশক্তির সুষ্ঠু ব্যবস্থাপনা এবং বাজারের চাহিদা অনুযায়ী জনবল পুনর্বিন্যাস করা। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, অস্থায়ী এই সুবিধা কুয়েতের শ্রমবাজারে নমনীয়তা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।









