ওমানে গরমের অবস্থা এখন এমন হয়েছে যে, কেউ কেউ আগুন ছাড়াই রোদের তাপে পাকোরা ও ডিম ভেজে ভিডিও শেয়ার করছেন। দেশটিতে তীব্র দাবদাহে জনজীবন একপ্রকারের বিপর্যস্ত হয়ে পড়েছে। কোনো কোনো অঞ্চলে পারদ ৫০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে।
ওমানের আবহাওয়া দপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার গত ২৪ ঘণ্টায় মাহুত অঞ্চলে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৫০.৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। মাহউতের পর সবচেয়ে বেশি গরম অনুভূত হয়েছে দিমা ওতাইয়িন এলাকায়। সেখানে তাপমাত্রা ছিল ৪৯.৪ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া অন্যান্য অঞ্চলের মধ্যে বিদিয়ায় ৪৮.৭, ফাহুদে ৪৮.৬, আল মুদাইবিতে ৪৮.৩, সামাইলে ৪৭.৯, হাইমায় ৪৭.৬ এবং ইব্রায় ৪৭.৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
এমন চরম বৈরী আবহাওয়া ও প্রচণ্ড রোদের হাত থেকে শ্রমিকদের সুরক্ষায় কার্যকর পদক্ষেপ নিয়েছে ওমান সরকার। গ্রীষ্মের এই তীব্র দাবদাহের সময় শ্রমিকদের স্বাস্থ্যঝুঁকি এড়াতে দেশটিতে ‘মিড ডে ওয়ার্ক ব্যান’ বা দুপুরে কাজের ওপর কঠোর নিষেধাজ্ঞা কার্যকর রয়েছে। দেশটির শ্রম মন্ত্রণালয়ের নিয়ম অনুযায়ী, আগামী ৩ মাস দুপুর সাড়ে ১২টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত তীব্র রোদে খোলা জায়গায় বা নির্মাণাধীন স্থাপনায় শ্রমিকদের দিয়ে কাজ করানো সম্পূর্ণ বেআইনি। মূলত হিটস্ট্রোক, পানিশূন্যতা ও অজ্ঞান হয়ে যাওয়ার মতো মারাত্মক স্বাস্থ্যঝুঁকি থেকে খেটে খাওয়া মানুষদের বাঁচাতেই এই নিয়ম জারি করা হয়েছে।










