ইয়েমেনের এডেন আন্তর্জাতিক বিমানবন্দরে এক শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এই বিস্ফোরণের খবর নিশ্চিত করেছে। সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের নিয়ন্ত্রণে থাকা এই বিমানবন্দরে বিস্ফোরণের ঠিক আগেই হুতি বিদ্রোহীদের পক্ষ থেকে এক জরুরি সতর্কবার্তা জারি করা হয়েছিল।
হুতিদের সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারে দাবি করেছেন, সৌদি আরবের একটি সামরিক কার্গো বিমানে করে ইয়েমেনের সাধারণ মানুষকে হত্যার উদ্দেশ্যে বিপুল পরিমাণ অস্ত্র আনা হচ্ছিল। এই খবর পাওয়ার পরই তারা বিমানবন্দরে থাকা কর্মী ও সাধারণ মানুষকে দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেন।
তবে কার্গো বিমানে অস্ত্র পরিবহনের যে অভিযোগ হুতিরা করেছে এবং এই বিস্ফোরণের সঙ্গে তার কোনো সরাসরি সম্পর্ক আছে কি না, তা এখনো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। এই ঘটনাকে কেন্দ্র করে ওই অঞ্চলে নতুন করে চরম উত্তেজনা ও আতঙ্ক তৈরি হয়েছে।








