জনসম্মুখে মুখ ঢেকে রাখা বা নিজের পরিচয় লুকানোর চেষ্টাকে কেন্দ্র করে কঠোর আইনি সতর্কবার্তা দিয়েছে ওমান। দেশটিতে জনসম্মুখে ইচ্ছাকৃতভাবে চেহারা লুকানোর চেষ্টা করলে এক মাস থেকে শুরু করে সর্বোচ্চ এক বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। জনসাধারণের মাঝে সচেতনতা বাড়াতে সম্প্রতি ওমানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দণ্ডবিধির এই কঠোর বিধানটি নতুন করে স্মরণ করিয়ে দিয়েছে।
ওমানের দণ্ডবিধির ৭/২০১৮ নম্বর রাজকীয় ডিক্রির ২৯৫ অনুচ্ছেদ অনুযায়ী, কোনো ব্যক্তি যদি জনসম্মুখে মাস্ক, নেকাব বা অন্য যেকোনো মাধ্যম ব্যবহার করে ইচ্ছাকৃতভাবে নিজের চেহারা কিংবা পরিচয় লুকানোর চেষ্টা করেন, তবে তা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে। আইনভঙ্গকারী বা এমন অপরাধে জড়িত ব্যক্তিকে কমপক্ষে এক মাস এবং সর্বোচ্চ এক বছর পর্যন্ত কারাদণ্ড ভোগ করতে হবে।
মূলত ওমানের আইন সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করা এবং জনসম্মুখে ইচ্ছাকৃতভাবে নিজের পরিচয় লুকানোর আইনি পরিণতি সম্পর্কে সতর্ক করতেই এই বিধানটি নতুন করে সামনে আনা হয়েছে। নাগরিকদের পাশাপাশি দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদেরও চলাফেরার ক্ষেত্রে এই আইনি বিধানটি সম্পর্কে বিশেষ সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।










