তুরস্কের আরারাত পর্বতের কাছে পাওয়া একটি নৌকাসদৃশ কাঠামোর পাশ থেকে উদ্ধার করা কাঠের নমুনা প্রায় ৪ হাজার ৩০০ বছর পুরোনো বলে প্রাথমিক পরীক্ষাগারের ফলাফলে উঠে এসেছে। নূহ (আ.)-এর নৌকা অনুসন্ধানকারী দল ‘নোয়াস আর্ক স্ক্যানস’-এর প্রতিষ্ঠাতা অ্যান্ড্রু জোনস এই দাবি করেছেন। তাঁর মতে, কাঠগুলোর এই সময়কাল বাইবেলে বর্ণিত নূহের মহাপ্লাবনের প্রচলিত সময়কালের সঙ্গে মিলে যায়। ফক্স নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
‘স্যাটারডে ইন আমেরিকা’ অনুষ্ঠানে অ্যান্ড্রু জোনস জানান, তাঁর দল মাটির ৩০ ফুট নিচ থেকে কয়েক ব্যাগ কাঠ উদ্ধার করেছে, যেগুলো দেখতে কিছুটা পোড়া কাঠের মতো এবং কিছু টুকরোয় যন্ত্রপাতি দিয়ে কাজ করার চিহ্ন রয়েছে। নমুনাগুলো প্রায় ৩০০ কিউবিট (হাত) দীর্ঘ একটি নৌকাসদৃশ কাঠামোর পশ্চিম পাশ থেকে সংগ্রহ করা হয়েছে, যার আকার বাইবেলে বর্ণিত নৌকার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। জোনস বলেন, কাঠগুলো সেখানে কীভাবে এল তা এখনো নিশ্চিত না হলেও প্রাথমিক এই ফলাফল দেখে তাঁরা আনন্দিত।
প্রকৃত নূহের নৌকা নিয়েই গবেষণা করছেন বলে বিশ্বাস করেন তিনি এবং সংগৃহীত প্রতিটি প্রমাণ বৈজ্ঞানিক উপায়ে যাচাই করেই ফলাফল প্রকাশ করছেন বলে জানান। প্রায় ৬৫ বছরেরও বেশি সময় আগে আরারাত পর্বতের কাছে নৌকাসদৃশ এই কাঠামোটি আবিষ্কৃত হওয়ার পর থেকেই স্থানটি নিয়ে ব্যাপক আগ্রহ তৈরি হয়। তবে জোনসের এই দাবি প্রচলিত বৈজ্ঞানিক ঐকমত্যের বিপরীত; কারণ বিজ্ঞানীদের মতে, স্থানটি কেবল একটি প্রাকৃতিক শিলাগঠন মাত্র। খননকাজে কিছু মানুষের বিরোধিতা থাকা সত্ত্বেও বিষয়টি নিয়ে সাধারণ মানুষের ব্যাপক উদ্বেগ ও আগ্রহ দেখে তাঁর দলের সঙ্গে যুক্ত একজন অধ্যাপক অভিভূত হয়েছেন বলেও জানান জোনস।










