মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানির কাছে সাময়িকভাবে ‘এয়ার ফোর্স ওয়ান’ হিসেবে ব্যবহারের জন্য একটি বোয়িং ৭৪৭ বিমান ধার চেয়েছিলেন। তবে কাতারের আমির বিমানটি ধার দেওয়ার বদলে যুক্তরাষ্ট্রকে একেবারে উপহার হিসেবে দেওয়ার প্রস্তাব দেন। বুধবার (১৪ অক্টোবর) অ্যারিজোনায় এক নির্বাচনী সমাবেশে উপস্থিত জনতার উদ্দেশে ট্রাম্প নিজেই এই তথ্য জানান।
ট্রাম্প বলেন, বর্তমানে ব্যবহৃত মার্কিন প্রেসিডেন্টের বিমানগুলোর বয়স ৩৫ বছর হয়ে গেছে। নতুন বিমান হাতে না আসা পর্যন্ত তিনি সাময়িকভাবে একটি বিমান ধার নেওয়ার জন্য কাতারের আমিরকে ফোন করেছিলেন। ট্রাম্পের ভাষ্যমতে, তিনি অনুরোধ করার পর শেখ তামিম বলেন—বন্ধুত্বের খাতিরে তিনি বিমানটি ধার দেবেন না, বরং যুক্তরাষ্ট্রের জন্য উপহার হিসেবে একেবারে দিয়ে দেবেন। উপহারের প্রসঙ্গে ট্রাম্প রসিকতা করে বলেন, কেউ যখন একটি বোয়িং ৭৪৭ উপহার দেয়, তখন কেবল ধন্যবাদ জানিয়ে তা গ্রহণ করাই নিয়ম।
যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বিমানটি আনুষ্ঠানিকভাবে গ্রহণ করার কথা নিশ্চিত করেছেন ট্রাম্প। মার্কিন বিমানবাহিনী কাতারের দেওয়া এই বিমানটিকে ‘ভিসি-২৫বি’ হিসেবে চিহ্নিত করেছে। জানা গেছে, ২০২৮ সালে নতুন দুটি বোয়িং প্রেসিডেনশিয়াল বিমান যুক্ত হওয়ার আগ পর্যন্ত অন্তর্বর্তীকালীন সময়ে এটি প্রেসিডেন্টের সরকারি বিমান হিসেবে ব্যবহৃত হবে।








