৩৫ হাজার ফুট উচ্চতায় উড়ন্ত একটি আন্তর্জাতিক ফ্লাইটে এক যাত্রীর অস্বাভাবিক আচরণ ও মারাত্মক বিশৃঙ্খলার কারণে শেষ পর্যন্ত জরুরি অবতরণ করতে বাধ্য হয়েছে উড়োজাহাজটি। ঘটনাটি ঘটেছে অস্ট্রেলীয় বিমান সংস্থা কান্তাস এয়ারলাইনসের একটি ফ্লাইটে। গত শুক্রবার মেলবোর্ন থেকে যুক্তরাষ্ট্রের ডালাসগামী কিউএফ২১ (QF21) ফ্লাইটটি প্রায় সাত ঘণ্টা ওড়ার পর ফরাসি পলিনেশিয়ার রাজধানী পাপিতেতে জরুরি অবতরণ করে।

অভিযোগ অনুযায়ী, উড়োজাহাজটি মাঝআকাশে থাকার সময় এক যাত্রী কেবিনের ভেতরে হঠাৎ অশান্ত আচরণ শুরু করেন। একপর্যায়ে তিনি উড়োজাহাজের ‘বাইরে গিয়ে সিগারেট খাওয়ার’ অদ্ভুত দাবি তোলেন। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে তিনি কর্তব্যরত এক ফ্লাইট অ্যাটেনডেন্টকে কামড় দেন বলে বিমান কর্তৃপক্ষ জানিয়েছে। কান্তাসের এক মুখপাত্র বলেন, পরিস্থিতি বেগতিক দেখে অন্য যাত্রী ও কেবিন ক্রুরা দ্রুত তা সামাল দিতে এগিয়ে আসেন। এই ধরনের পরিস্থিতিতে ক্রুদের নিরাপত্তাকেই সর্বদা সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়।
আরও
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ঘটনার একটি ভিডিওতে দেখা গেছে, ওই যাত্রী ক্রুদের সঙ্গে তীব্র তর্কে জড়িয়ে পড়েন। উড়োজাহাজের পেছনের দিকে চলে যেতে বলা হলেও তিনি অত্যন্ত অশালীন ভাষায় তার প্রতিক্রিয়া দেখান। একপর্যায়ে তাকে বিমানের করিডরে টলতে টলতে হাঁটতেও দেখা যায়। পাপিতেতে জরুরি অবতরণের পর স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ওই বিশৃঙ্খলাকারী যাত্রীকে বিমান থেকে নামিয়ে নিজেদের হেফাজতে নেয়। পরে কান্তাস এয়ারলাইনস কর্তৃপক্ষ জানায়, ওই যাত্রীকে স্থায়ীভাবে কালো তালিকাভুক্ত করা হয়েছে এবং তিনি ভবিষ্যতে কান্তাস বা তাদের সহযোগী প্রতিষ্ঠান জেটস্টারের কোনো ফ্লাইটে আর কখনো ভ্রমণ করতে পারবেন না। এই অনাকাঙ্ক্ষিত ঘটনার পর অল্প সময়ের বিরতি দিয়ে ফ্লাইটটি পুনরায় ডালাসের উদ্দেশে যাত্রা শুরু করে এবং পরদিন নিরাপদে গন্তব্যে পৌঁছায়।










