Long Popup (2)
সর্বশেষ

অবতরণের সময় যাত্রীবাহী বিমান বিধ্বস্ত, সব আরোহীর মৃত্যু

ColombiaProbashircityWebPopupUpdate

কলম্বিয়ার উত্তরাঞ্চলে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে বিমানে থাকা ১৫ জন আরোহীর সবাই নিহত হয়েছেন। ভেনেজুয়েলা সীমান্তঘেঁষা দুর্গম পাহাড়ি এলাকায় বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে এ দুর্ঘটনা ঘটে বলে দেশটির রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা ‘সাতেনা’ নিশ্চিত করেছে।

সাতেনার বিবৃতিতে জানানো হয়, বিধ্বস্ত উড়োজাহাজটি ‘বিচক্রাফ্ট ১৯০০’ মডেলের টুইন-প্রপেলার বিমান। ফ্লাইট এনএসই–৮৮৪৯ বুধবার সকালে কুকুতা শহর থেকে ওকানিয়া শহরের উদ্দেশে রওনা দেয়। এতে ১৩ জন যাত্রী ও ২ জন ক্রু সদস্য ছিলেন। স্থানীয় সময় দুপুর ১২টা ৫ মিনিটে ওকানিয়ায় অবতরণের কথা থাকলেও নির্ধারিত সময়ের ১১ মিনিট আগে রাডার থেকে বিমানটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পরপরই কলম্বিয়ার সশস্ত্র বাহিনীর সহায়তায় তল্লাশি ও উদ্ধার অভিযান শুরু করা হয়। পরে সীমান্তের কাছাকাছি একটি দুর্গম পাহাড়ি এলাকা থেকে বিমানটির ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়। সংস্থাটি জানায়, বিমানটি ‘মারাত্মক দুর্ঘটনার’ শিকার হয়েছে এবং কেউ বেঁচে নেই।

সরকারি সূত্রের বরাতে জানা গেছে, নিহতদের মধ্যে কলম্বিয়ার একজন আইনপ্রণেতা ডায়োজেনেস কুইন্তেরো আমায়া এবং আসন্ন কংগ্রেস নির্বাচনের প্রার্থী কার্লোস সালসেদোও রয়েছেন। নিহতদের স্বজনদের দ্রুত তথ্য দিতে কর্তৃপক্ষ একটি হটলাইন চালু করেছে।

কুকুতা ও ওকানিয়া সংলগ্ন এলাকাটি পাহাড়ি হওয়ায় সেখানে আবহাওয়া দ্রুত পরিবর্তিত হয় বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। পাশাপাশি অঞ্চলটির কিছু অংশ গেরিলা গোষ্ঠী ন্যাশনাল লিবারেশন আর্মি (এনএলএ)-এর প্রভাবাধীন হিসেবে পরিচিত। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate