ওমানের বুখা প্রদেশের তিবাত এলাকার একটি আবাসিক ভবনে হামলার ঘটনা ঘটেছে। একটি কোম্পানির কর্মীদের বাসস্থান হিসেবে ব্যবহৃত ওই ভবনে হামলায় অন্তত দুজন প্রবাসী মাঝারি ধরনের আঘাত পেয়ে আহত হয়েছেন। হামলায় চারটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং পাশের একটি বাড়ির জানালার কাচ ভেঙে যাওয়ার খবর পাওয়া গেছে। একটি নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে ওমান নিউজ এজেন্সি।
ঘটনার পরপরই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এর তদন্ত শুরু করেছে। নাগরিক ও প্রবাসী—সবার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে স্থানীয় প্রশাসন।
এর আগে সোমবার উপসাগরীয় আরেক দেশ সংযুক্ত আরব আমিরাতের ফুজেইরা অয়েল ইন্ডাস্ট্রি জোনে ড্রোন হামলা চালিয়েছে ইরান। ফুজেইরা অয়েল ইন্ডাস্ট্রি জোনে তেল শোধনাগার এবং একাধিক ডিপো রয়েছে। শোধনাগারটি আমিরাতের পূর্বাঞ্চলের প্রধান জ্বালানি স্থাপনা। ধারণা করা হচ্ছে, মূল হামলাটি হয়তো সংযুক্ত আরব আমিরাতকে লক্ষ্য করেই চালানো হয়েছিল; কিন্তু কোনো কারণে সেটি লক্ষ্যভ্রষ্ট হয়ে ওমানের সীমানায় এসে পড়েছে। ঘটনার পারিপার্শ্বিকতা এবং দুই দেশের সীমান্তবর্তী ভৌগোলিক অবস্থানের কারণে এই জল্পনা আরও জোরালো হচ্ছে।









