সর্বশেষ
ব্রেকিং

জেদ্দায় গানে গানে প্রবাসীদের মাতালেন আসিফ আকবর

Untitled4Web Popup (3)

সৌদি আরবের জেদ্দায় জনপ্রিয় সব গান পরিবেশন করে প্রবাসী বাংলাদেশিদের মাতালেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। গতকাল শুক্রবার (২৭ নভেম্বর) জেদ্দার রেড সি মল মাঠে বাংলাদেশি মালিকানাধীন বিনোদন প্রতিষ্ঠান আয়াদ রয়েল ইভেন্টের উদ্যোগে আয়োজিত ‘বাংলাদেশি তারার মেলা’ শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি সংগীত পরিবেশন করেন। দীর্ঘদিন পর এমন সাংস্কৃতিক আয়োজন ঘিরে প্রবাসীদের মধ্যে ছিল ব্যাপক আনন্দ-উচ্ছ্বাস।

মঞ্চে উঠেই ভক্তদের সঙ্গে উচ্ছ্বাস ভাগ করে নেন আসিফ আকবর। কোনো বাদ্যযন্ত্র ছাড়াই ‘সবুজের বুকে লাল’, ‘একাকী গভীর রাতে’ ও ‘কিছু কিছু কথা ভোলা যায় না’সহ একাধিক জনপ্রিয় গান পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করেন তিনি। আসিফ আকবরের পাশাপাশি বাংলাদেশ থেকে যাওয়া কণ্ঠশিল্পী নাজমা সুইটি, পারভেজ খান ও ইমরানসহ স্থানীয় শিল্পীদের পরিবেশনায় মুখর হয়ে ওঠে পুরো অনুষ্ঠানস্থল।

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেও প্রবাসীদের আনন্দ-উচ্ছ্বাসে কোনো কমতি ছিল না। জেদ্দা ছাড়াও রিয়াদ, তায়েফসহ সৌদি আরবের বিভিন্ন অঞ্চল থেকে পরিবার-পরিজন নিয়ে অনুষ্ঠানে যোগ দেন নানা শ্রেণি-পেশার প্রবাসী বাংলাদেশিরা। দীর্ঘদিন পর এমন আয়োজনকে স্বাগত জানান সৌদি বাংলা বিজনেস অ্যান্ড ইনভেস্টর অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুর রহমান এবং সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির আহ্বায়ক আব্দুল মান্নান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির সদস্যসচিব মীর মনিরুজ্জামান তপন, বিএনপি নেতা টিপু সুলতান, ব্যবসায়ী সালাউদ্দিন আহমেদ, মক্কা বিএনপির আহ্বায়ক জহির আহমেদসহ প্রবাসী গণমাধ্যমকর্মী ও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা।

আয়োজক প্রতিষ্ঠান আয়াদ রয়েল ইভেন্টের ব্যবস্থাপনা পরিচালক আয়াদ উজ্জ্বল বলেন, পরিবার-পরিজন ছেড়ে মরুর দেশে প্রতিকূল পরিবেশে বছরের পর বছর কঠোর পরিশ্রম করেন প্রবাসীরা। তাঁদের একটু বিনোদনের সুযোগ করে দেওয়াই এ আয়োজনের মূল লক্ষ্য। ভবিষ্যতেও সৌদি আরবের বিভিন্ন শহরে এ ধরনের সাংস্কৃতিক আয়োজন অব্যাহত থাকবে বলে জানান তিনি।\

খবরটি শেয়ার করুন:
whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Web Popup (3)