প্রকাশ্যে গরুর মাংস খাওয়ার কথা বলে সম্প্রতি ভারতে তীব্র বিতর্কের মুখে পড়েছেন প্রবীণ অভিনেতা বিশ্বজিৎ চ্যাটার্জি। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে নিয়ে কটাক্ষ ও ট্রোলিংয়ের পাশাপাশি সম্পাদনা করে ছবির গলায় জুতার মালা পরানোর মতো ঘটনাও ঘটেছে। এমন চরম পরিস্থিতিতে প্রবীণ এই অভিনেতার পাশে দাঁড়িয়ে নতুন করে বিতর্কের কেন্দ্রে উঠে এসেছেন জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিক ‘মা’–এর ‘ঝিলিক’খ্যাত অভিনেত্রী তিথি বসু।
সম্প্রতি এক সাক্ষাৎকারে বাংলাদেশের আতিথেয়তা ও খাবারের প্রশংসা করতে গিয়ে গরুর মাংস ও ইলিশের প্রতি নিজের ভালো লাগার কথা জানিয়েছিলেন বিশ্বজিৎ। সেই বক্তব্যের সূত্র ধরে শুরু হওয়া বিতর্কের জবাবে তিথি বলেন, বিশ্বজিৎ একজন প্রবীণ ও সম্মানিত অভিনেতা এবং তিনি কেবল সত্যটাই বলেছেন। বাংলাদেশে গিয়ে তিনি কী খাবেন, সেটি একান্তই তাঁর ব্যক্তিগত বিষয়। তিথির দাবি, ভারতীয় বিনোদন অঙ্গনের অনেকেই প্রকাশ্যে বা আড়ালে গরুর মাংস খান। নিজের শুটিং সেটের অভিজ্ঞতার কথা তুলে ধরে এই অভিনেত্রী জানান, তাঁদের ধারাবাহিকের সেটে এমন অনেক ব্রাহ্মণ শিল্পী ছিলেন, যাঁরা গরুর মাংস নিয়ে গল্প করতেন। এমনকি কলকাতার যেসব জায়গায় গরুর মাংস বিক্রি হয়, সেখানেও তিনি অনেক হিন্দুকে যেতে দেখেছেন।
খাদ্যাভ্যাসকে সম্পূর্ণ ব্যক্তিগত অধিকার উল্লেখ করে তিথি বলেন, ‘অনেক মানুষ গরুর মাংস খায়। এটাই বাস্তব। এমনকি মুসলিমদের চেয়ে হিন্দুরাই বেশি খায়। যাঁরা প্রকাশ্যে বলেন না, তাঁদের মধ্যেও অনেকেই হয়তো আড়ালে খেয়ে থাকেন।’ তবে এমন মন্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে তিথিকে নিয়েও তুমুল সমালোচনা শুরু হয়েছে। কেউ কেউ তাঁর বক্তব্যের যৌক্তিকতা সমর্থন করলেও অনেকেই কটাক্ষ করে বলছেন, স্পর্শকাতর এই বিষয়ে তাঁর কথা না বলাই উচিত ছিল। ক্ষুব্ধ অনুসারীদের অনেকে মন্তব্য করেছেন যে, তিথির প্রতি তাঁদের ভালোবাসা ও শ্রদ্ধা কমে গেছে। সব মিলিয়ে বিশ্বজিতের মন্তব্যের রেশ ধরে এখন নিজেই অন্তর্জালে সমালোচনার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছেন তিথি বসু।










