উড্ডয়নের জন্য রানওয়ের দিকে যাওয়ার সময় আমেরিকান এয়ারলাইনসের দুটি যাত্রীবাহী উড়োজাহাজের ডানায় ডানায় সংঘর্ষ হয়েছে। গতকাল শুক্রবার (২৭ নভেম্বর) যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনের রোনাল্ড রিগ্যান ওয়াশিংটন ন্যাশনাল বিমানবন্দরে এ ঘটনা ঘটে। সিএনএনের এক প্রতিবেদনে জানানো হয়েছে, বোয়িং ৭৩৭ মডেলের উড়োজাহাজ দুটির একটি ছিল ডালাসগামী ফ্লাইট ৬৩৮ এবং অপরটি শিকাগোগামী ফ্লাইট ২১৫২।
বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোল বিভাগের তথ্য অনুযায়ী, ডালাসগামী ফ্লাইট ৬৩৮ নির্ধারিত সীমারেখা বা ‘হোল্ড-শর্ট লাইন’ কিছুটা অতিক্রম করায় পাশে থাকা অপর উড়োজাহাজটির সঙ্গে এর ধাক্কা লাগে। সংঘর্ষে একটি উড়োজাহাজের ডানার বাইরের বাঁকানো অংশ বা ‘উইংলেট’ ক্ষতিগ্রস্ত হয় এবং ধ্বংসাবশেষ মাটিতে পড়ে যায়। ঘটনার পরপরই কন্ট্রোল টাওয়ার অবতরণের অপেক্ষায় থাকা অন্য একটি উড়োজাহাজকে অবতরণ বাতিল করে আকাশে চক্কর দেওয়ার নির্দেশ দেয়।
এ ঘটনায় কেউ আহত হননি এবং সংঘর্ষের পর দুটি উড়োজাহাজই নিরাপদে গেটে ফিরে আসতে সক্ষম হয়। আমেরিকান এয়ারলাইনস কর্তৃপক্ষ জানিয়েছে, উড়োজাহাজ দুটিকে আপাতত পরিষেবা থেকে সরিয়ে রক্ষণাবেক্ষণ দলের মাধ্যমে পরীক্ষা করা হচ্ছে। যাত্রীদের অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে তাঁদের দ্রুত গন্তব্যে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। থ্যাংকসগিভিং ছুটির ব্যস্ত মৌসুমে ঘটা এই ঘটনার তদন্ত করবে যুক্তরাষ্ট্রের ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)। সূত্র : সিএনএন










