আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের বাজারেও কমেছে স্বর্ণের দাম। গত সোমবার (৫ অক্টোবর) থেকে নতুন এই মূল্যতালিকা কার্যকর করা হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সিদ্ধান্ত অনুযায়ী, সব ধরনের স্বর্ণের দাম কমানো হলেও অপরিবর্তিত রাখা হয়েছে রুপার দাম।
নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ১ হাজার ৬৯১ টাকা কমানো হয়েছে। এর ফলে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনার নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৯ হাজার ৮১ টাকা।
এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৫৬৪ টাকা কমিয়ে ২ লাখ ১৮ হাজার ৮১৭ টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে এই মানের স্বর্ণের ভরি ছিল ২ লাখ ২০ হাজার ৩৯১ টাকা। অন্যদিকে, ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৩৪১ টাকা কমিয়ে ১ লাখ ৮৭ হাজার ৯০৭ টাকা করা হয়েছে, যা আগে ছিল ১ লাখ ৮৯ হাজার ২৪৮ টাকা। পাশাপাশি সনাতন পদ্ধতিতে তৈরি প্রতি ভরি স্বর্ণের গহনার দাম ৭৫৮ টাকা কমিয়ে ১ লাখ ৫৩ হাজার ৪৯৮ টাকা নির্ধারণ করা হয়েছে, যা আগে ১ লাখ ৫৪ হাজার ২৫৬ টাকা ছিল।
আরও
স্বর্ণের দাম কমানো হলেও দেশের বাজারে রূপার দাম সম্পূর্ণ অপরিবর্তিত রেখেছে বাজুস। সর্বশেষ নির্ধারিত দর অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রূপা ৪ হাজার ৩১৬ টাকা এবং প্রতি গ্রাম ৩৭০ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রূপা ৪ হাজার ১৪১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি রূপা ৩ হাজার ৫৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রূপা ২ হাজার ৬৮৩ টাকায় অপরিবর্তিত রয়েছে।
জুয়েলার্স সমিতি জানিয়েছে, অলংকারের নকশা ও মানভেদে এর সঙ্গে নির্ধারিত মজুরি যোগ হবে। তবে বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে কোনো ভ্যাট নেওয়া যাবে না। এ ছাড়া পুরোনো বা পরিধেয় অলংকার পরিবর্তনের ক্ষেত্রে ১২ শতাংশ এবং বিক্রির ক্ষেত্রে ১৮ শতাংশ মূল্য বাদ দেওয়ার পূর্বনির্ধারিত নিয়ম বহাল থাকবে।










