অস্ট্রেলিয়ার গহীন জঙ্গলে টানা ছয় দিন নিখোঁজ থাকার পর অবশেষে উইলিয়াম নামের ১৭ বছর বয়সী এক কিশোরকে জীবিত উদ্ধার করা হয়েছে। মেলবোর্ন থেকে প্রায় ১৮০ কিলোমিটার দূরে একটি জঙ্গলে বন্ধুর সঙ্গে ক্যাম্পিংয়ে গিয়ে সে হারিয়ে যায়। রাতের তীব্র শীতের কারণে তার বেঁচে থাকা নিয়ে চরম শঙ্কা তৈরি হয়েছিল। তবে পুলিশ কুকুর, ডুবুরি ও হেলিকপ্টার দিয়ে দীর্ঘ তল্লাশির পর বৃহস্পতিবার তাকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।
উদ্ধারকর্মীরা উইলিয়ামকে নিরাপদে হেলিকপ্টারে তুলে নেওয়ার পর প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষার আগে তাকে একটি ডোনাট ও পানি খেতে দেন। পুলিশ জানিয়েছে, নিখোঁজ কিশোরকে জীবিত অবস্থায় ফিরে পেয়ে উদ্ধারকারী কর্মকর্তারাও আনন্দে আবেগাপ্লুত হয়ে পড়েন। ভিক্টোরিয়া পুলিশের ভারপ্রাপ্ত পরিদর্শক জেসন বেনবো জানান, এমন ঘটনা সচরাচর ঘটে না; খুব শিগগিরই ওই কিশোর তার বেঁচে ফেরার দারুণ গল্প শোনাবে বলে তারা অপেক্ষায় আছেন।
ছেলেকে ফিরে পেয়ে উইলিয়ামের মা এলিজাবেথ বার্কলে দারুণ উচ্ছ্বসিত। তিনি জানান, ছেলের শরীরে কেবল সামান্য কিছু আঁচড় লেগেছে এবং সে পুরোপুরি সুস্থ আছে। নিখোঁজ থাকার সময় উইলিয়াম নির্দিষ্ট এক জায়গাতেই বসে ছিল। আনন্দের আতিশয্যে মজা করে মা সাংবাদিকদের বলেন, শাস্তি হিসেবে ছেলেকে আর কখনোই ঘরের বাইরে যেতে দেওয়া হবে না!










