মালয়েশিয়ার সারাওয়াক রাজ্যে পৃথক দুটি বিশেষ অভিযানে ১৫২ জন বিদেশি নাগরিককে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। ‘অপস মাহির’ ও ‘অপস কুতিপ’ নামের অভিযান দুটি কুচিং ও কোটা সামারাহান এলাকায় পরিচালনা করা হয়। গতকাল শুক্রবার (২৭ নভেম্বর) সারাওয়াক রাজ্যের অভিবাসন বিভাগের (জেআইএম) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত টানা ১০ ঘণ্টা অভিযান চলে। এ সময় নির্মাণাধীন ভবন, শিল্পাঞ্চল ও সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানসহ চারটি নির্ধারিত স্থানে তল্লাশি চালানো হয়। অভিযানে মোট ১৭৪ জন বিদেশি নাগরিকের কাগজপত্র ও বৈধতা যাচাই করা হয়। এর মধ্যে বিভিন্ন অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে ১৫২ জনকে আটক করা হয়েছে।

আরও
আটক ব্যক্তিদের বিরুদ্ধে মালয়েশিয়ার ১৯৫৯/৬৩ সালের অভিবাসন আইনের ৬(১)(সি) ও ১৫(১)(সি) ধারা এবং ১৯৬৩ সালের অভিবাসন বিধিমালার ১১(৭)(এ) বিধি লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। অভিবাসন বিভাগ জানিয়েছে, স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুচিং অভিবাসন বিভাগের কর্মকর্তারা এসব অভিযান চালান। সংশ্লিষ্ট এলাকাগুলোতে বিদেশিদের অবস্থান ও কর্মসংস্থানের বৈধতা যাচাই এবং আইন অমান্যের ঘটনা চিহ্নিত করাই ছিল এর মূল উদ্দেশ্য।
সারাওয়াক অভিবাসন বিভাগ আরও জানিয়েছে, দেশের অভিবাসন আইন যথাযথভাবে কার্যকর এবং বিদেশি নাগরিকদের আইন মেনে চলা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে অভিবাসন আইন লঙ্ঘনসংক্রান্ত কোনো তথ্য বা অবৈধ কর্মকাণ্ডের সন্ধান পেলে তা কর্তৃপক্ষকে জানানোর জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানানো হয়েছে।










