লক্ষ্মীপুর সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের চাঁদখালী গ্রামে ৮১ বছর বয়সী বৃদ্ধ বাবার মরদেহ বাড়ির উঠানে রেখেই সম্পত্তির বিরোধে ভাই-বোনদের মধ্যে মারামারি ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। প্রবাসফেরত বড় ভাইয়ের বাড়িতে ছোট ভাই ও বোনের হামলা এবং জমির দলিলপত্র নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। চাঞ্চল্যকর এই ঘটনায় বৃদ্ধের দাফন নিয়েও জটিলতা তৈরি হয়। পরে গতকাল বুধবার (২৫ নভেম্বর) দুপুরে স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের হস্তক্ষেপে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
পরিবার সূত্রে জানা গেছে, চাঁদখালী গ্রামের ব্যাপারী বাড়ির বাসিন্দা মফিজ উল্ল্যা গত মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে প্রবাসী বড় ছেলে মো. মনির হোসেনের বাড়িতে স্ট্রোকজনিত কারণে মারা যান। পরিবারের সদস্যদের অভিযোগ, সম্পত্তির বিরোধের জেরে মনিরের বাড়িতে হামলা, ভাঙচুর ও জমির দলিলপত্র নিয়ে যাওয়ার ঘটনা ঘটে। এতে মনিরের স্ত্রী আখি বেগম, সৎমা নাজমুন নাহার ও শাশুড়ি কুলসুম বেগম আহত হন। হামলার পর থেকে নাজমুন নাহার নিখোঁজ রয়েছেন এবং বাড়ির সিসিটিভি ফুটেজে তাঁকে মারধরের দৃশ্য দেখা গেছে বলে দাবি করেছেন স্বজনেরা।
তবে হামলার অভিযোগ অস্বীকার করে মিলন ও ফারুক জানান, জমির দলিল হারানোর আশঙ্কায় তাঁরা দলিলপত্র উদ্ধারের জন্য গিয়েছিলেন; সেখানে কে ভাঙচুর বা হামলা করেছে, তা তাঁরা জানেন না। লাহারকান্দি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাব্বত উল্যা বলেন, বাবার মরদেহ উঠানে রেখে জমির দলিল নিয়ে ভাই-বোনদের মধ্যে মারামারি ও ভাঙচুরের ঘটনা অত্যন্ত দুঃখজনক। মঙ্গলবার রাতে বিষয়টি মীমাংসা করে দেওয়ার পর বুধবার দুপুরে মফিজ উল্ল্যার দাফন সম্পন্ন হয়েছে।
আরও
এ বিষয়ে লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ জানান, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।









