অস্ট্রেলিয়ার পার্লামেন্টের উচ্চকক্ষে ছয় মাস বয়সী মেয়েকে কোলে নিয়ে বক্তব্য দিয়েছেন দেশটির স্বতন্ত্র সিনেটর ফাতিমা পেম্যান। মঙ্গলবার (২৪ নভেম্বর) সিনেটে ডিজিটাল সেবাদাতাদের দায়িত্ব ও কর্তব্যসংক্রান্ত একটি বিল নিয়ে আলোচনার সময় মেয়ে আলিয়াহকে সঙ্গে নিয়েই বক্তব্য দেন তিনি। তাঁর এই ব্যতিক্রমী উপস্থিতি সংসদ সদস্যদের মধ্যে হাসি ও আনন্দের মুহূর্ত তৈরি করে। খবর আল-জাজিরার।
পশ্চিম অস্ট্রেলিয়ার প্রতিনিধিত্বকারী ফাতিমা দেশটির প্রথম হিজাব পরিহিত ফেডারেল সংসদ সদস্য। সিনেট অধিবেশনের ভিডিওতে দেখা যায়, ফাতিমা বক্তব্য দেওয়ার সময় তাঁর পেছনে বসা স্বতন্ত্র সিনেটর লিডিয়া থর্প শিশুটির সঙ্গে লুকোচুরি খেলায় মেতে ওঠেন। অন্য সিনেটরদেরও শিশুটির দিকে তাকিয়ে হাসতে দেখা যায়। সংসদের নিয়মিত কার্যক্রমের মধ্যে এ দৃশ্য উপস্থিত সদস্যদের মাঝে আনন্দ ছড়িয়ে দেয়।
অবশ্য এবারই প্রথম নয়, চলতি বছরের ৮ সেপ্টেম্বরও মেয়েকে কোলে নিয়ে সিনেট কক্ষে উপস্থিত হয়েছিলেন ফাতিমা। দায়িত্ব পালনরত অবস্থায় সন্তান জন্ম দেওয়া পশ্চিম অস্ট্রেলিয়ার প্রথম সিনেটর তিনি। এর আগে মাতৃত্ব, সন্তান জন্মের পর শারীরিক ও মানসিক পুনরুদ্ধার এবং কর্মক্ষেত্রে ফিরে আসার চ্যালেঞ্জ নিয়েও পার্লামেন্টে কথা বলেছেন ফাতিমা পেম্যান। এক বক্তব্যে মাতৃত্বকে গভীর আনন্দের অভিজ্ঞতা হিসেবে বর্ণনা করলেও পরিবার ও পেশাগত দায়িত্বের মধ্যে ভারসাম্য বজায় রাখতে নারীদের নানা কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয় বলে মন্তব্য করেন তিনি।










