সর্বশেষ

প্রেমের টানে ভারত থেকে বরিশালে, ১৭ বছরের কিশোরীকে বিয়ে

Barisal Indian youth 6b070e9e756c4Web Popup (3)

প্রেমের টানে ভারতের গুজরাট থেকে বরিশালের গৌরনদীতে ছুটে এসেছেন সোরঠিয়া ফাইজানশাহ ওরফে হামজা (২০) নামের এক তরুণ। পরে মেয়ের পরিবারের উদ্যোগে নোটারি পাবলিকের মাধ্যমে উপজেলার বাটাজোর ইউনিয়নের পশ্চিম চন্দ্রহার গ্রামের মাহি আক্তার (১৭) নামের এক কিশোরীকে বিয়ে করেন তিনি। ভারতীয় তরুণের বাংলাদেশে আসা এবং অপ্রাপ্তবয়স্ক কিশোরীকে বিয়ের ঘটনা জানাজানি হলে এলাকায় ব্যাপক কৌতূহল ও চাঞ্চল্যের সৃষ্টি হয়। পাশাপাশি মেয়েটি অপ্রাপ্তবয়স্ক হওয়ায় ও নোটারি পাবলিকের মাধ্যমে বিয়ে সম্পন্ন করায় এর আইনি বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, ফাইজান শাহ ভারতের গুজরাট রাজ্যের অমরেলি জেলার রাজুলা এলাকার ট্রান্সপোর্ট ব্যবসায়ী রেজওয়ান শাহর ছেলে। অন্যদিকে মাহি আক্তার পশ্চিম চন্দ্রহার গ্রামের আব্দুল মালেক সিকদারের মেয়ে ও বাটাজোর অশ্বিনী কুমার ইনস্টিটিউটের নবম শ্রেণির ছাত্রী। মাহির মা শামীমা আক্তার গতকাল বুধবার (২৫ নভেম্বর) দুপুরে জানান, গত ২২ নভেম্বর সকাল সাড়ে ১০টার একটি ফ্লাইটে ছয় মাসের ট্যুরিস্ট ভিসা নিয়ে ভারত থেকে বাংলাদেশে আসেন ফাইজান। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মাহির মা ও ছোট ভাই তাঁকে গ্রহণ করে বরিশালে নিয়ে আসেন। পরদিন ২৩ নভেম্বর বরিশালের এক আইনজীবীর চেম্বারে নোটারি পাবলিকের মাধ্যমে এবং মৌলভি ডেকে তাঁদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়।

মাহি আক্তার জানায়, দক্ষিণ আফ্রিকায় অবস্থানরত তার বড় ভাইয়ের ইনস্টাগ্রামের বন্ধু ফাইজানের সঙ্গে প্রায় দেড় বছর আগে পরিচয় হয় এবং একপর্যায়ে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রায় তিন মাস আগে দুই পরিবার বিষয়টি জেনে বারবার নিষেধ করলেও তাঁরা যোগাযোগ অব্যাহত রাখেন। গত এক বছরে প্রেমিকের কাছ থেকে ও সিনেমা দেখে সে হিন্দি ভাষাও শিখেছে। ফাইজান শাহ জানান, তাঁর পরিবার এই সম্পর্ক মেনে নিয়েছে এবং বাকি জীবন স্ত্রীর সঙ্গে বাংলাদেশেই কাটাতে চান তিনি। মাহির মা শামীমা আক্তার বলেন, মেয়েকে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করেও ব্যর্থ হয়ে উপায়ান্তর না দেখে বিয়ে দিতে বাধ্য হয়েছেন।

এদিকে দেশের বর্তমান পরিস্থিতিতে একজন ভারতীয় তরুণ হুট করে বাংলাদেশে এসে বিয়ে করে থেকে যাওয়ার ইচ্ছা প্রকাশ করায় অনেকের মধ্যে প্রশ্ন ও উদ্বেগ রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় বিএনপি নেতা রাসেল। গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল জানান, খবর পেয়ে ওই বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। ভারতীয় নাগরিকের পাসপোর্ট ও পরিচয়সহ প্রয়োজনীয় সব তথ্য থানায় জমা দিতে বলা হয়েছে এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। এ বিষয়ে গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইব্রাহীম বলেন, গ্রামপুলিশের মাধ্যমে বিষয়টি জেনেছেন; প্রয়োজনীয় তথ্য-উপাত্ত যাচাই-বাছাই করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

খবরটি শেয়ার করুন:
whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Web Popup (3)